পপসম্রাট আজম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। কিন্তু এ উপলক্ষে উল্লেখযোগ্য কোনো আয়োজন নেই টিভি চ্যানেলগুলোতে। হয়তো চ্যানেলগুলোর নিউজ বা তাত্ক্ষণিক লাইভ আজ তারা প্রচার করবে। আরটিভিতে একটি লাইভ অনুষ্ঠান প্রচার হবে শিল্পীকে নিয়ে। এতে অংশ নেবেন লাবু রহমান, দুলাল জোহা, আরিফ, নিলু, ফুয়াদ নাসের বাবু, হাবলু, পিয়াল ও রেভেলসহ অনেকে। অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ রাত ১১টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সফিক পাহাড়ী। এর বাইরে ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনসহ সঙ্গীতসংগঠন থেকেও কোনো অনুষ্ঠান আয়োজনের খবর পাওয়া যায়নি। এদিকে আজম খানের গান ও স্মৃতি সংরক্ষণের একাধিক সংগঠন থাকলেও সংগঠনগুলোর খুব একটা তত্পরতা ছিল না। ‘আসি আসি বলে তুমি আর এলে না’, ‘ওরে সালেকা’, ‘আলাল ও দুলাল’, ‘হায় আমার বাংলাদেশ’-সহ অগণিত জনপ্রিয় গানের এই স্রষ্টা ২০১১ সালের এই দিনে পরপারে পাড়ি জমান। এদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজম খানের পরিবার, আজম খান ফাউন্ডেশন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন স্মৃতিচারণ, কোরানখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। আজম খান দেশের পপ ও ব্যান্ডসঙ্গীতের অগ্রপথিক। মুক্তিযুদ্ধের সময় ঢাকায় সংঘটিত কয়েকটি গেরিলা অভিযানে অংশ নেন তিনি। আজম খান ১৯৭২ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রথম কনসার্টে অংশ নেন। আমাদের দেশের পপগুরু আজম খানের মৃত্যুবার্ষিকীর আয়োজনে শিল্পীকন্যা এমা খান জানান, ‘মন খারাপের সাথেই জানাতে হয়, শুধুমাত্র যেন জন্ম আর মৃত্যুবার্ষিকী এলেই বাবাকে সকলের মনে পড়ে। তাঁর গানগুলো জাতীয়ভাবে সংরক্ষণও খুব জরুরি। আমরা আমাদের সংগঠনের মাধ্যমে সেই কাজটিই করছি।’
