খোঁজখবর

তিন বিজ্ঞাপনে...

আপডেট : ০৪ জুন ২০১৪, ২০:১৭
নতুন তিনটি বিজ্ঞাপনে কাজ করছেন মডেল ও উপস্থাপিকা নুসরাত ফারিয়া। এরমধ্যে দুটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন তিনি। নতুন একটি বিজ্ঞাপনের কাজও শুরু করবেন। নতুন দুটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী ও আদনান আল রাজীব। বিজ্ঞাপন দুটি হচ্ছে সেলফোন কোম্পানি বাংলালিংকের প্রমোশনাল একটি বিজ্ঞাপন এবং অন্যটি হচ্ছে বাংলালিংকের থ্রিজি সার্ভিসের বিজ্ঞাপন। থ্রিজি বিজ্ঞাপনটি জুন মাসেই প্রচারে আসবে। আর এর ঠিক পরপরই আসবে অন্য বিজ্ঞাপনটি। নতুন দুটি বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘উপস্থাপনা আমার সবচেয়ে ভালোলাগার। কারণ উপস্থাপনার মধ্যদিয়েই দর্শক আমাকে চিনেছেন, আমার সম্পর্কে জেনেছেন। মডেলিং কিংবা উপস্থাপনার মধ্যে তাই উপস্থাপনাটা আমার কাছে প্রাধান্য পায় বেশি। মডেলিংটা শখের বশেই করা। নতুন দুটি বিজ্ঞাপনে কাজ করে ভীষণ ভালো লেগেছে। আশাকরি দর্শকেরও ভালো লাগবে।’ বর্তমানে ফারিয়া জিটিভি, এনটিভি, আরটিভি, এটিএন বাংলা ও এসএটিভির বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করছেন। এদিকে গতকাল বুধবার থেকে আনজাম মাসুদের নির্দেশনায় নতুন আরেকটি বিজ্ঞাপনের কাজ করছেন ফারিয়া। এলিট রাঙ্গা মেহেদির বিজ্ঞাপনের একজন মডেল হিসেবে আনজাম মাসুদ নতুন এক নুসরাত ফারিয়াকে তুলে ধরার চেষ্টা করবেন। এদিকে আগামী আগস্ট মাস থেকে রুপালি পর্দার জন্য কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। রেদওয়ান রনির পরিচালনায় ‘মরীচিকা’ চলচ্চিত্রে কাজ করবেন বলে জানালেন। এই চলচ্চিত্রে তার সহশিল্পী থাকবেন সংগীতশিল্পী তাহসান ও লাক্সতারকা মিম। জুন মাসের মাঝামাঝি সময় থেকে ‘চ্যানেল আই-ইমামী ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দি আল্টিম্যাটম্যান সিজন-টু’-এর উপস্থাপনা করতেও দেখা যাবে ফারিয়াকে।