সোনাক্ষির নতুন রূপ

আপডেট : ০৪ জুন ২০১৪, ২০:১৮
মাত্র কয়েক বছর হলো বলিউডে অভিনেত্রী হিসেবে পদচারণা করছেন সোনাক্ষি সিনহা। এর মধ্যেই ১০০ কোটির ক্লাবের রানির তক্মা জুটে গেছে তার কপালে। সোনাক্ষি অভিনীত ছবি মানেই এন্টারটেইনমেন্টে ভরপুর—তেমন ধারণাই স্পষ্ট হয়েছে দর্শকদের মনে। গত বছর তার বেশ অনেকগুলো ছবি মুক্তি পেলেও এ বছর গত ৫ মাসে সোনাক্ষিকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। আগামীকাল মুক্তি পাচ্ছে সোনাক্ষি অভিনীত নতুন ছবি। এ ছবিতে তাকে ভিন্নরূপে দেখা যাবে। ইতোমধ্যে এ নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে। সোনাক্ষির নতুন ছবি ‘হলিডে’ এবং তার ক্যারিয়ারের হালচাল নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন সোনাক্ষি সিনহা একজন মেয়ে বক্সার হয়ে দর্শকদের সামনে আসছেন এ সপ্তাহের ছবি ‘হলিডে :অ্যা সোলজার ইজ নেভার অফ ডিউটি’তে। এখানে তাকে বক্সিংয়ের কিংবদন্তি মোহাম্মদ আলি কন্যা লায়লার মতো বিশেষ সাজে এবং হেয়ারস্টাইলে দেখা যাবে। সোনাক্ষির নিউলুক নিয়ে ইতোমধ্যেই সবাই বেশ কৌতূহলী হয়েছেন। অ্যাকশন ধাঁচের বিনোদনধর্মী এ ছবিতে আবার অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। একসময় অক্ষয়ের লেডি লাক ছিলেন ক্যাটরিনা কাইফ। তারা জুটি বাঁধলেই ছবি সুপারহিট। অন্যদিকে সালমান খানের লেডি লাক হিসেবে আবির্ভূত হন সোনাক্ষি। ‘দাবাঙ’ এবং তারপর ‘দাবাঙ টু’তে এটা দেখা গেছে। তারপর ছকটা পাল্টে গেছে। ‘রাওডি রাঠোর’-এর পর থেকে শুধু লেডি লাক নয়, সোনাক্ষির অভিনয়েরও দারুণ ভক্ত হয়ে গেছেন খিলাড়ি হিরো অক্ষয় কুমার। বিশেষ করে ‘লুটেরা’ ছবিতে এক বাঙালি জমিদার কন্যা পাখিরূপে সোনাক্ষিকে দেখে তো হতবাক অক্ষয়। এত ভালো অভিনয় করতে পারে সে, ধারণা করতে পারেননি অক্ষয়। তার প্রথমেই নাকি মনে হয়েছিল, এ কী সেই সোনাক্ষি যাকে ‘রাওডি রাঠোর’র মতো বাণিজ্যিক মাসালা ছবিতে দেখেছেন, একসঙ্গে পাশাপাশি অভিনয় করেছেন! এরপর থেকে একজন সুঅভিনেত্রী হিসেবে সোনাক্ষিকে ভিন্ন চোখে দেখতে শুরু করেছেন অক্ষয়। তার প্রতি বিশেষ শ্রদ্ধাবোধ জেগেছে মনে। আবার একসঙ্গে ‘হলিডে’ ছবিটি করতে গিয়ে অক্ষয় সোনাক্ষিকে যেন নতুনভাবে আবিষ্কার করেছেন। নতুন প্রজন্মের প্রায় সব নায়িকার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা হয়েছে তার। কিন্তু আজকাল অক্ষয়ের মুখে কেবলই সোনাক্ষির প্রশংসা শোনা যায়। সম্প্রতি ‘হলিডে’ ছবির প্রচারণায় নেমে অক্ষয় কুমার সোজাসাপ্টা জানিয়েছেন, ‘সোনাক্ষি আসলেই দারুণ অভিনেত্রী। স্রেফ গ্ল্যামার ডল হিসেবে তাকে বিবেচনা করা যায় না এখন। অভিনীত ছবিতে কেবলই শোপিস হয়ে থাকেন না এই তন্বী অভিনেত্রী, অভিনয়ের অদ্ভুত দ্যুতি ছড়িয়ে যেন এক মহামূল্যবান হীরক খণ্ড হয়ে উঠেছেন সোনাক্ষি। ‘লুটেরা’ ছবিতে তার অসাধারণ অভিনয় আমার মতো সবাইকে মুগ্ধ করেছেন সোনাক্ষি। ‘লুটেরা’র জন্য তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া উচিত।’ খিলাড়ি হিরো বলেই ফেলেছেন, ‘সোনাক্ষির সঙ্গে প্রচুর ছবি করতে চাই। আমাদের পর্দা জুটি সুপারহিট হবেই হবে।’ এ সপ্তাহের ছবি ‘হলিডে’ কেমন ব্যবসা করে এখন সেটাই হলো দেখার বিষয়। এ ছবিটির পরিচালক দক্ষিণী সিনেমা জগতের আলোচিত সফল নির্মাতা এ আর মুরুগাডোস। যিনি এর আগে বলিউডে আমির খানকে নিয়ে ‘গজনি’ ছবিটি বানিয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন। ‘হলিডে’-এর পরিচালক মুরগাডোসের দ্বিতীয় বলিউডি সিনেমা। এ বছরেই মুক্তি পাবে সোনাক্ষির আরেকটি ছবি ‘অ্যাকশন জ্যাকসন’। এ ছবির পরিচালক প্রভুদেবা। যার ‘রাওডি রাঠোর’ এবং ‘আর রাজকুমার’ ছবিতে সোনাক্ষি ছিলেন নায়িকা। ‘অ্যাকশন জ্যাকসন’-এ অজয় দেবগণের বিপরীতে সোনাক্ষিকে দেখা যাবে। নামেই ধারণা করা হয় অ্যাকশন ধাঁচের ছবির হবে এটি। এর আগে ‘সন অব সরদার’ ছবিতে অজয় দেবগণের নায়িকা হয়েছিলেন সোনাক্ষি। এবার আবার ‘অ্যাকশন জ্যাকসন’-এ তাদের পর্দা জুটি বেশ জমবে ধারণা করা হয়। ওদিকে নতুন প্রজন্মের আলোচিত নায়ক অর্জুন কাপুরের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে সোনাক্ষি অভিনয় করছেন ‘তিভার’ ছবিতে। তামিল ছবি ‘ওক্কাডো’র হিন্দি রিমেক এ ছবিতে অভিনয় করতে গিয়ে অর্জুন কাপুরের সঙ্গে ভালো বোঝাপড়া গড়ে উঠেছে তার। সোনাক্ষি-অর্জুনের কেমিস্ট্রিও চমক সৃষ্টি করবে। দক্ষিণী সিনেমার কিংবদন্তি তারকা রজনীকান্তের সঙ্গে অভিনয় করছেন সোনাক্ষি। ছবির নাম ‘লিংগা’। ওদিকে ‘লগান’, ‘স্বদেশ’ খ্যাত চিত্রনির্মাতা আশুতোষ গোয়ারিকারের আগামী ছবি ‘মহেঞ্জোদারো’তে হূত্বিক রোশনের বিপরীতে সোনাক্ষি সিনহাকে কাস্ট করা হয়েছে। নির্মিতব্য এ ছবিটি সোনাক্ষির ক্যারিয়ারে ভিন্নমাত্রা সংযোজন করবে ধারণা করা যায়। ২৬ বছর বয়সী সোনাক্ষি অভিনীত ১২টি ছবি মুক্তি পেয়েছে এর মধ্যেই। এর মধ্যে ৯টিতে তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেছেন। বাকি তিনটি ছবিতে আইটেম গানে পারফর্ম করেছেন। তার অভিনীত বেশিরভাগ ছবিই ব্যবসা সফল। এ কারণেই বলিউডের বড় বড় পরিচালক এখন সোনাক্ষিকে নিয়ে ছবি তৈরি করতে আগ্রহী। ক্যারিয়ারের শুরুতে খোলামেলা হয়ে অভিনয়ে আপত্তি করলেও আজকাল এ ব্যাপারে অনেকটা উদারতার প্রমাণ দিচ্ছেন তিনি। ‘হলিডে’ ছবিতে সোনাক্ষির খোলামেলা রূপ প্রত্যক্ষ করবেন দর্শক। এমনিতে স্থূলকায়া অভিনেত্রী হিসেবে তার আলাদা পরিচিতি থাকলেও হালে শরীরের ওজন কমিয়ে অনেকটা হালকা ঝরঝরে হয়েছেন তিনি। নিজের ধারালো ফিগার খোলামেলাভাবে পর্দায় তুলে ধরতে প্রস্তুতি নিচ্ছেন সোনাক্ষি বর্তমানে। তার আগামী ছবিগুলোতে এর প্রমাণ পাওয়া যায়।