স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) শীর্ষক কর্মসূচি বাস্তবায়নে ১০ কোটি ডলার ঋণ প্রদান করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে পুরুষ ও মহিলাদের উপযুক্ত কর্মমুখী প্রশিক্ষণ প্রদান এবং অগ্রাধিকার খাতসমূহে বর্ধিত কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এ লক্ষ্যে গতকাল আগারগাঁস্থ এনইসি সম্মেলন কক্ষে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্ম সচিব সাইফুদ্দিন আহমদ ও এডিবি’র কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় জানানো হয়, অর্থ বিভাগ এ কর্মসূচির উদ্যোগী সংস্থা। মূলত শিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক এবং পিকেএসএফ-এর সহযোগী এনজিওদের মাধ্যমে বিভিন্ন বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সম্পৃক্ততায় বাস্তবায়ন করা হবে। মোট ছয়টি অগ্রাধিকার খাত যথা তৈরি পোশাক, নির্মাণ, তথ্য-প্রযুক্তি, লাইট ইঞ্জিনিয়ারিং, চামড়া ও জুতা, জাহাজ নির্মাণ সংশ্লিষ্ট খাতে প্রশিক্ষণ দেয়া হবে। বিভিন্ন ধাপে সর্বমোট ১৫ লাখ নারী-পুরুষকে প্রশিক্ষণ দেয়া হবে। প্রকল্পটি বিভিন্ন ধাপে ১০ বছরমেয়াদে বাস্তবায়ন করা হবে। ৫ বছর রেয়াতকালসহ দুই শতাংশ সুদে ২৫ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে।
