বাজেটের দিনেও শেয়ারবাজারে দরপতন, বেড়েছে লেনদেন

আপডেট : ০৫ জুন ২০১৪, ২০:৪৮
আগামী অর্থবছরের বাজেট ঘোষণার দিনেও শেয়ারবাজারে সূচক কমেছে। তবে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার দিনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়তে থাকলেও দিনের শেষে বিক্রির চাপ বেড়ে যাওয়ায় সূচক কমে যায়। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪ পয়েন্ট কমে ৪ হাজার ৩৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৬২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪১৯ কোটি ৩৯ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ১০ কোটি ৭৮ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের। এদিকে পেনিনসুলা চিটাগাং লিমিটেডকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে ডিএসই। বুধবার ডিএসই’র বোর্ডরুমে অনুষ্ঠিত পর্ষদ সভায় এ অনুমোদন দেয়া হয়। সব প্রক্রিয়া শেষে শিগগির সেকেন্ডারি মার্কেটে কোম্পানিটির লেনদেন শুরু হবে। গত ৪ ফেব্রুয়ারি বিএসইসি ফেসভ্যালু ১০ টাকার সঙ্গে ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকা নির্দেশক মূল্যে পেনিনসুলাকে মূলধন সংগ্রহের অনুমোদন দেয়া হয়। এ শেয়ারের মার্কেট লট ২০০টি শেয়ারে। প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে আইপিওর মাধ্যমে ৫ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ১৬৫ কোটি টাকা সংগ্রহ করেছে। সংগৃহীত অর্থে কোম্পানিটি বিদ্যমান হোটেল সমপ্রসারণ ও চট্টগ্রাম বিমানবন্দর সংলগ্ন আরও একটি নতুন হোটেল নির্মাণ করবে। এ ছাড়া আইপিওর অবশিষ্ট অর্থ ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করা হবে। ২০১৩ সালের ৩০ জুনে শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী পেনিনসুলার শেয়ারপ্রতি আয় হয়েছে ২ দশমিক ৪৯ টাকা ও পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ৩২ দশমিক ৭৩ টাকা।