আর্থিক প্রতিবেদনে অসত্য তথ্যের জন্য জরিমানা বৃদ্ধি

আপডেট : ০৫ জুন ২০১৪, ২০:৪৮
আর্থিক প্রতিবেদনে ভুল বা অসত্য তথ্য দেয়ার অপরাধে কোম্পানির বিরুদ্ধে জরিমানার পরিমাণ পুনঃনির্ধারণ করা হয়েছে। চলতি ২০১৪-১৫ অর্থ বছরের অর্থ বিলে জরিমানার পরিমাণ সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। অর্থবিলে ১৯৮৪ সালের ট্যাক্স অর্ডিন্যান্স নং ৩৬ এর সেকশন ১২৯ বিলুপ্ত করে সেকশন ১২৯ এ সংযোজন করা হয়েছে। কোনো কোম্পানি যদি চার্টার্ড একাউনটেন্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউনটেন্টের মাধ্যমে বাংলাদেশ একাউন্টিং স্টান্ডার্ড (বিএএস) ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্টান্ডার্ড (বিএফআরএস) অনুযায়ী আর্থিক প্রতিবেদন তৈরি না করে এবং প্রতিবেদনে ভুয়া তথ্য দেয়া হলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কোম্পানিকে উল্লিখিত জরিমানা করতে পারবে। এদিকে বাজেট প্রস্তাবনায় বলা হয়েছে, কোম্পানি পর্যায়ে করদাতাদের ক্ষেত্রে বিএএস এবং বিএফআরএস অনুসরণে নিরীক্ষিত হিসাব বিবরণী প্রস্তুত করে আয়কর রিটার্নের সাথে তা দাখিল করা বাধ্যতামূলক। কেউ যদি ভুল বা মিথ্যা রিপোর্টিং করে তবে আর্থিক জরিমানা করা হবে। কোম্পানি করদাতার পাশাপাশি যে কোনো করদাতার ক্ষেত্রে ৫ কোটি টাকার বেশি ব্যবসায়িক লেনদেন হলে পেশাদার হিসাববিদের নিরীক্ষা প্রতিবেদন দাখিল করা বাধ্যতামূলক।