ইতালির আরও উন্নতি চান প্রাণদেল্লি

আপডেট : ০৫ জুন ২০১৪, ২২:৩৯
ইটালি কোচ সিজার প্রাণদেল্লি লুক্সেমবার্গের বিপক্ষে তার দলের প্রস্তুতিমূলক ম্যাচটি ১-১ গোলের ড্রয়ে শেষ হলেও এতে বেশি জোর দিচ্ছেন না। বরং চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এই কোচ ব্রাজিলে ১২ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে দলের আরও উন্নতি চান তিনি। এ নিয়ে গত সাত ম্যাচের সবক’টিতেই জয়হীন থাকল আজ্জুরিরা। গত বুধবার ইতালির রেনাতো কুরি স্টেডিয়ামে লুক্সেমবার্গের সঙ্গে খেলা শুরু হওয়ার নবম মিনিটেই ফরোয়ার্ড ক্লডিও মার্চিসিও দলকে এগিয়ে নিয়ে যান। শুরুটা ভালো হলেও ব্যবধান ধরে রাখতে পারেনি প্রাণদেল্লির দল। খেলার শেষ হওয়ার পাঁচ মিনিট আগে প্রতিপক্ষ দলের ম্যাক্সিম চ্যানট সমতা ফেরান। তারপর আর এগিয়ে যাওয়ার কোন সুযোগই পায়নি আজ্জুরিরা। অপ্রত্যাশিত ফলাফল নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। প্রাণদেল্লি মনে করেন এই ড্র ইতালিকে নতুন পরিকল্পনা নিতে সাহায্য করবে বলে জানালেন কোচ। ম্যাচ শেষে প্রাণদেল্লি র্যাই স্পোর্টসকে বলেছেন, ‘ম্যাচটিতে আমরা কিছু জিনিস চেষ্টা করেছি। এরপরও কিছু ব্যাপার রয়েছে যেগুলোতে উন্নতি করার প্রয়োজন রয়েছে। ম্যাচটিতে মিডফিল্ডে বেশি জনাকীর্ণ ছিল। মাঠের অন্যান্য জায়গায় ফাঁকা থাকতে দেখা গেছে। কিন্তু আমরা আমাদের কাজ চালিয়ে যাবো। জানি আমাদের সামনে দারুণ একটি বিশ্বকাপ অপেক্ষা করছে।’ ফিফা র্যাঙ্কিংয়ের ১১২তম স্থানের দল লুক্সেমবার্গের বিপক্ষে ড্র গুরুত্বপূর্ণ করে দেখছেন না মিডফিল্ডার ভেরেত্তিও, ‘এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। এটা আমাদের প্রথম ম্যাচ যেখানে আমরা নতুন পরিকল্পনা চালু করতে চেষ্টা করেছি। আমরা কঠোর পরিশ্রম করছি। আমরা জানি, বিশ্বকাপ আরও কাছে চলে আসলে, আমাদের প্রস্তুতিও সম্পন্ন হয়ে যাবে।’ তবে লুক্সেমবার্গের বিপক্ষে ড্র করায় সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করলেন ইতালির রক্ষণভাগের খেলোয়াড় গিওরগিও কেইলিনি। স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘এই ফলের জন্য আমি দুঃখিত। সত্যি বলছি, আমরা আরও ভাল করতে চেয়েছিলাম। গত কয়েক বছর ধরে আমরা প্রীতিম্যাচে ভাল করতে পারছি না। কিন্তু গুরুত্বপূর্ণ সময় সুভাগ্যক্রমে আমরা সবকিছু ঠিকঠাক রেখেই আবির্ভূত হবো।’ বিশ্বকাপে গ্রুপ পর্বে ইতালি প্রথম ম্যাচেই মুখোমুখি হবে শক্তিশালী ইংল্যান্ডের সঙ্গে। এই ম্যাচের জন্য ইতালি প্রস্তুত রয়েছে বলে জানালেন কেইলিনি, ‘আত্মবিশ্বাস নিয়েই আমরা সামনে এগুচ্ছি। ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হতে আমরা প্রস্তুত।’ ব্রাজিলে ভাল প্রতিযোগিতা করতে হলে আক্রমণভাগে ইতালিকে আরও জোর দিতে হবে বলে জানালেন ম্যাতিয়া ডি স্কিগলিও, ‘আমাদের আক্রমণভাগ আরো উন্নতি করার প্রয়োজন রয়েছে। কিন্তু আমি নিশ্চিত যে, বিশ্বকাপে আমরা এটা করতে পারবো। আমি মনে করি, আমরা সর্বত্রই অধিকতর ভাল একটি দল। সময়মতো ঠিকভাবেই জ্বলে ওঠবো আমরা।’ ম্যাচটিতে ইতালি নতুন পরিকল্পনায় খেলেছে বলে জানালেন স্কিগলিও। ৪-৫-১ ফর্মেশনে খেলেছে তারা। নতুন কৌশলের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে সময়ের প্রয়োজন রয়েছে বলে জানালেন রক্ষণভাগের এই খেলোয়াড়, ‘আমরা ম্যাচটিতে নতুন কৌশল প্রয়োগ করতে চেষ্টা করেছি। এই কৌশলের সঙ্গে খাপ-খাওয়াতে সময়ের প্রয়োজন রয়েছে। এটা এমন একটি ফর্মেশন ছিল যেখানে মধ্যমাঠেই বেশি নজর দেয়া হয়েছে। পরবর্তীতে অন্যান্য অঞ্চলেও কাজে লাগাবো।’ লুক্সেমবার্গের বিপক্ষে ইতালির নিষ্প্রভ আক্রমণভাগের কথা বললেন কোচ প্রাণদেল্লিও। ম্যারিও বালোতেল্লিকে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রথমার্ধে ম্যারিও দুটি ভাল সুযোগ পেয়েছিল। অ্যান্থোনিও ক্যাসানো নামার পর গোলের আরও একটি সুযোগ নষ্ট হয়। ম্যাচটিতে আমরা বেশ কিছু সুযোগ মিস করেছি। পরবর্তীতে কর্নার থেকে আমাদের একটি গোলও হজম করতে হয়েছে।’ বিশ্বকাপ খেলতে ব্রাজিলের উদ্দেশ্যে উড়াল দেয়ার আগে নিজেদের মাঠেই আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইতালি। রবিবার অনুষ্ঠিতব্য এই ম্যাচের প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেনস। ম্যাচটি শেষে আগামী বৃহস্পতিবার ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দেবে তারা।