দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ভিলিয়ার্স

আপডেট : ০৫ জুন ২০১৪, ২২:৪১
উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলার কাছে টেস্ট দলের অধিনায়কত্ব হারানোর একদিন পরেই দক্ষিণ আফ্রিকান বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতে নিয়েছেন সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। বুধবার রাতে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের পক্ষ থেকে তার হাতে বর্ষসেরার পুরস্কার তুলে দেয়া হয়। এই তালিকায় ডি ভিলিয়ার্স পিছনে ফেলেছেন নতুন টেস্ট অধিনায়ক হাশিম আমলাকে। এখানে অন্য মনোনীতরা ছিলেন ফাস্ট বোলার ডেল স্টেইন, ব্যাটসম্যান জেপি ডুমিনি এবং উদীয়মান ক্রিকেটার কুইনটন ডি কক। বর্ষসেরা ক্রিকেটার ছাড়াও ডি ভিলিয়ার্স বর্ষসেরা টেস্ট ক্রিকেটারেরও পুরস্কার জিতেছেন। এই প্রথমবারের মত প্রোটিয়া ক্রিকেটের সর্বোচ্চ পুরস্কারটি জয় করলেন ৩০ বছর বয়সী ডি ভিলিয়ার্স। ২০১৩ সালে এই পুরস্কার জিতেছিলেন আমলা। গত বছরের জুন মাস থেকে শুরু হওয়া ক্রিকেটীয় বছর ডি ভিলিয়ার্স ছিলেন দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রান স্কোরার। টেস্ট ক্রিকেটে তার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৮০৪ রান যার গড় ছিল ৬৭.০০। এছাড়াও ৯৯.২৪ স্ট্রাইক রেট ও ৪৩.৮৩ গড়ে ওয়ানডেতে তিনি সংগ্রহ করেছেন ৭৮৯ রান। তবে গত ছয় বছরের মধ্যে এই প্রথমবারের মত ওয়ানডে ক্রিকেটের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারটি এবার ডি ভিলিয়ার্সকে ছেড়ে দিতে হয়েছে ডি কককে।