প্রস্তাব এখন কম পাই

আপডেট : ০৬ জুন ২০১৪, ২০:১১
ক্যারিয়ারে সবচেয়ে নির্ভেজাল ও স্ক্যান্ডালবিহীন জীবন কাটিয়েছেন চিত্রনায়ক আমিন খান। নিজের ব্যাপারে বরাবরই স্পষ্টবাদী এই শিল্পী এখন ব্যস্ত ছোটপর্দায়। সে কারণও অকপটেই স্বীকার করলেন বিনোদন প্রতিদিনের কাছে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু বর্তমান ব্যস্ততা কী নিয়ে? এখন ঈদের টেলিফিল্ম নিয়ে ব্যস্ত আছি। দুটির শুটিং শেষ করলাম। আর কিছুদিনের মধ্যেই আরও দুই-তিনটি টেলিফিল্মের কাজ শুরু করব। এবার ঈদে এই কাজগুলোই করব। ফিল্ম থেকে টেলিফিল্মে নিয়মিত হওয়ার কারণ কী? আসলে আমি একজন পেশাদার অভিনেতা। সেটা ফিল্ম বা টেলিফিল্ম যেটাই হোক না কেন। দুই জায়গাতেই তো আমাকে অভিনয়টাই করতে হচ্ছে। তাই আমি এর মাঝে কোনো পার্থক্য দাঁড় করাতে চাই না। আর সবসময় যে ফিল্ম করতে হবে সেরকম তো কোনো কথা নেই। আর ফিল্ম করছি। পরিমাণের দিক থেকে কম। গত মাসেই একটি ছবি মুক্তি পেল আউয়াল হোসেনের ‘কাছের শত্রু’। আর অনেকদিন তো চলচ্চিত্রে অভিনয় করলাম এখন হয়তো পাশাপাশি ছোটপর্দায় অভিনয় করছি। তাহলে কি বড়পর্দার জনপ্রিয়তার উপর ভর করে ছোটপর্দায় শক্তভাবে বিচরণের চেষ্টা করছেন? অভিনয়ের মাধ্যমেই আমি দর্শকদের মাঝে জায়গা করে নিতে পেরেছি। তাই সেটা ছোট বা বড়পর্দায় অভিনয় নির্ভর করে না। যারা আমাকে পছন্দ করেন তারা সব পর্দাতেই আমাকে দেখবেন। ছবির পরিমাণ কমে যাওয়ার কারণ কি প্রস্তাব কমে যাওয়া? প্রস্তাব কমে যাওয়াটা স্বাভাবিক। সবসময় তো আর তরুণ নায়ক থাকে না কেউ। তাই প্রস্তাব আগের চেয়ে কম পাই। তবে যা পাই তা থেকেও একটু আমার সাথে মিলে এমন কাজটাই করি। কারণ আগেই বললাম, আমি সেই তরুণ আর নেই। আর আমাদের দেশে তো নায়ক-নায়িকা নির্ভর ছবি। সব পরিচালকই নির্দিষ্ট কিছু নায়ক-নায়িকানির্ভর। যারা মনে করেন তাদের উপর ভর করেই নিজেদের টাকা উসুল আর নাম কামিয়ে নিলেই লক্ষ্য পূরণ হয়। গল্প বা ছবির নির্মাণ কৌশলের উপর এখন আর কেউ জোর দিচ্ছে না। যেটা আমাদের সময় ছিল না। কিন্তু আপনার আজকের যে পরিচিতি এটা তো পেয়েছেন এই চলচ্চিত্র জগত্ থেকেই, সেই জায়গায় আপনার কোনো দায়িত্ব নেই? আমার দায়িত্ব অভিনয় করা। তবে হ্যাঁ এর বাইরেও দায়িত্ব থাকে। কিন্তু বলুন এফডিসির শীর্ষে বসে থাকা কয়জন সেই উন্নতির দায়িত্ব নিচ্ছে! তারা যদি উদ্যোগ নেয় আমি অবশ্যই যোগ দেবো। কিন্তু মূল হোতারাই তো তাদের জায়গায় ঠিক নেই। তবে আমাদের সবকিছুরই উন্নতি করতে হবে। পরিচালকদের নির্মাণ কৌশল, গল্প। সেই একঘেয়ে এক থিমের উপর আর কতদিন! সামনের কাজের ব্যস্ততা? একটি নতুন ছবির কাজ শুরু করব ডায়েল রহমানের ‘দুদু মিয়া’। এছাড়া ছোটপর্দায় আরও বেশ কিছু নাটকে কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাব।