১২ জুন ব্রাজিলে শুরু হতে যাচ্ছে ফুটবলের মহোত্সব ‘ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৪’। এই বিশ্বকাপের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। খেলার পাশাপাশি বিশ্বকাপ নিয়ে প্রতিদিন বিশেষ অনুষ্ঠান ও সংবাদ প্রচার করবে চ্যানেলটি। ম্যাচ বিশ্লেষণ, পরিসংখ্যান ও নানা তথ্য নিয়ে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘ফুটবল ফিভার’ আর রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে ‘ব্রাজুকা ব্রাজিল’ শিরোনামের দুটি অনুষ্ঠান। ৩২টি দলের অংশগ্রহণে মোট ৬৪টি খেলা অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপে। ১২ জুন সাও পাওলোতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। আর রিওডি জেনিরোর মারাকানায় ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে ১৩ জুলাই পর্দা নামবে ফুটবলের এই বৃহত্তম আসরের। উল্লেখ্য, সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ইউরো ফুটবল ২০১২ এবং ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ ফুটবল খেলা সরাসরি সম্প্রচার করে দেশের ক্রীড়ামোদী দর্শকদের প্রশংসা কুড়িয়েছে মাছরাঙা টেলিভিশন। এবার বিশ্বকাপ ফুটবলেও দেশের দর্শকদের সঙ্গে থাকছে চ্যানেলটি।
