মানিকছড়িতে বেইলি ব্রিজ ধসে আহত ১৬

আপডেট : ০৬ জুন ২০১৪, ২১:২০
খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ির আমতলায় গতকাল শুক্রবার দুপুরে বেইলী ব্রিজ ধসে ১৬ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। ফলে দুই জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। যাত্রীরা পড়েছে চরম বিপাকে! আহতরা হলেন, মাইক্রোবাসের যাত্রী মো. বাহাদুর, মো. মোস্তফা, আহাম্মদ গনি, আবু তাহের, মো. সিরাজুল হক, আবু ছিদ্দিক, টুটুল, মাইক্রো চালক সোহেল, রমজান আলী, মো. আলী আকবর, জুয়েল, বাবুল, সুলতান আহাম্মদ, মিজান, ট্রাক চালক মো. সাহাব উদ্দিন, হেলপার মো. ইউনুছ। আহতদের মানিকছড়ি সদর হাসপাতালে ভর্তি করলে ট্রাকের চালক ও হেলপারকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় জনগণ উদ্ধার কাজে অংশগ্রহণ করে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক ও ফটিকছড়ি থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস একই সময়ে বেইলী ব্রিজে উঠলে ব্রিজটি ভেঙ্গে নদীতে পড়ে যায়। মানিকছড়ি থানার ওসি মো. শফিকুল ইসলাম ও সাব জোন কমান্ডার মেজর সেলিম এবং মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালে আহত রোগীদের দেখতে যান।