লালমনিরহাটে হুমকির মুখে স্বর্ণামতী সেতু

আপডেট : ০৬ জুন ২০১৪, ২১:২১
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে হুমকির মুখে পড়েছে স্বর্ণামতী সেতু। প্রাচীন সেতু হওয়ায় পড়ে রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। সেতুটি যে কোনো সময় ভেঙ্গে পড়লে বিছিন্ন হয়ে পড়বে বুড়িমারী স্থল বন্দরসহ জেলার ৪টি উপজেলার সাথে সারা দেশের সড়ক পথে যোগাযোগ। লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে স্বর্ণমতী সেতুটি ১৯৬০ সালে নির্মিত হয়। সেতুটি নির্মাণ করার পর কোনো সংস্কার করা হয়নি। বর্তমানে সেতুর পিলার ও উপরিভাগ ধসে পড়েছে। নানা স্থানে ফাটল দেখা দিয়েছে। লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগ সেতুটিকে ঝূঁকিপূর্ণ বলে জানিয়েছে। সেতুটির উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও পথচারিরা চলাচল করে। বুড়িমারী স্থল বন্দরের শত শত পণ্য বোঝাই ট্রাক এ সেতুর উপর দিয়েই যাতায়াত করে। লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগ নির্বাহী প্রকৌশলীমোঃ সুরুজ মিয়া জানান, সেতুটি নির্মাণের জন্য জাইকা প্রতিষ্ঠান জরিপ করছে।