রংপুর মহানগরীর পাগলাপীরের কাছে ডাকাত দলের সাথে কোতয়ালী থানা পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে এই ঘটনায় গুলিবিদ্ধ ডাকাত সর্দার ফিরোজ ও মোখলেছারকে আটক ও একটি অস্ত্র উদ্ধার করা হয়।
মহানগরীর রংপুর-ঢাকা মহাসড়কের পাগলাপীরের পূর্বে আন্তঃজেলা ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই তৌহিদুলের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। সে সময় অল্পের জন্য বেঁচে যান এসআই তৌহিদুল, এসআই হোসেন আলী ও এসআই এরশাদ আলী।
এসআই তৌহিদুল জানায়, ডাকাত সদস্যরা অতর্কিত হামলা চালালে আত্মরক্ষার্থে পুলিশকেও গুলি ছুঁড়তে হয়েছে। তিনি বলেন, ডাকাত সর্দার ফিরোজের বাড়ী রনচন্ডি শেখপাড়া ও মোখলেছারের বাড়ী মন্থনা খামার পাড়া। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আঃ কাদের জিলানী বলেন, ধৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ ১০/১২ টি করে ডাকাতি মামলা রয়েছে।
