দেশের বিভিন্নস্থানে পৃথক ঘটনায় ছয়জন খুন হয়েছে। —খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের
মতলবে যুবক খুন
টঙ্গীতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত
টঙ্গী (গাজীপুর) \ টঙ্গী আরিচপুরের মধুমিতা রোড হাউজ বিল্ডিং এলাকার বাড়িওয়ালা সমিতির সামনে বৃহস্পতিবার রাতে এক ছিনতাইকারী গণপিটুনিতে নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত ছিনতাইকারী সুজন (২৪) চাঁদপুরের ফরিদগঞ্জ থানা এলাকার পশ্চিম গবিন্দপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে। সে টঙ্গীর মাছিমপুর গ্রামে নজরুলের বস্তিতে ভাড়া থাকতো।
মামলার বাদি ডলির সাথে কথা বলে জানা যায়, তার ছেলে আগে ছিনতাই করতো। ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হয়ে কয়েক মাস জেল খেটে গত দু’সপ্তাহ আগে বের হয়ে আসে। এখন সে ভালো হয়ে গেছে। তার দাবি তার ছেলে জেল খেটে আসার পর কোন প্রকার ছিনতাইয়ে জড়িত ছিল না। স্থানীয় ছাত্রলীগ নেতা তার ছেলেকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করেছে। টঙ্গী মডেল থানার অফিসার্স ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত সুজন একজন চিহ্নিত ছিনতাইকারী।
তুচ্ছঘটনায় মতলবে যুবক খুন
মতলব দক্ষিণ (চাঁদপুর):মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের করবন্দ গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জুয়েল (২২) নামে এক যুবক খুন হয়।
বিকেলে ওই গ্রামের যুবক ফরিদ ও জুয়েল একসাথে তালের শাঁস কেটে খায়। তাল কাটার দা ফরিদ নিয়ে গেলে সন্ধ্যায় তা ফেরত আনতে যায় জুয়েল। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ফরিদ ও তার বন্ধু আরিফ মিলে জুয়েলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় জুয়েলকে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব দক্ষিণ থানা পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, এ ঘটনায় নিহতের পিতা ইসমাইল মিজি বাদি হয়ে আজ শুক্রবার মামলা করেছে ।
লাকসামে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
লাকসাম (কুমিল্লা) \ গতকাল শুক্রবার ভোরে লাকসাম পৌরসভার উত্তর পশ্চিমগাঁও মাইলঘর নামক স্থানে লাকসাম-চাঁদপুর রেললাইনের পাশে এক অজ্ঞাতনামা যুবকের (২৭) লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
রাতে ওই যুবককে হত্যার পর রেললাইনের উপর ফেলে যায় দুর্বৃত্তরা। সকালে ট্রেন যাওয়া সময় তার ডান পা কেটে যায়। চাঁদপুর রেলওয়ে থানার ওসি সুভাষ দাস জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
টঙ্গীতে অজ্ঞাত দুই লাশ উদ্ধার
গাজীপুরে টঙ্গীতে গত ২৪ ঘন্টায় তুরাগ নদী থেকে দুটি ভাসমান লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এ সব বিষয়ে থানায় পৃথক অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার রাত টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠের দক্ষিণ-পশ্চিম কোণায় তুরাগ নদীতে এক ব্যক্তির লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে টঙ্গী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মান্নান তালুকদার ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। পুলিশের পৃথক দল প্রত্যাশা সোসাইটির মাঠের পশ্চিম পাশে তুরাগ নদের পানিতে ভাসমান আরো এক অজ্ঞাত ব্যক্তির (২৬) লাশ উদ্ধার করে। এ পর্যন্ত তাদের কোন পরিচয় পাওয়া যায়নি।
টঙ্গী মডেল থানার অফিসার্স ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, রাজধানী ঢাকা, মিরপুর, তুরাগ ও আশুলিয়াসহ বিভিন্ন এলাকার অপরাধীরা লোকজনকে হত্যা করে আশুলিয়ার বিলে ফেলে যায়।
দোয়ারায় দুর্বৃত্তদের আঘাতে বৃদ্ধ নিহত
সুনামগঞ্জ (ছাতক) \ দোয়ারায় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে চেরাগ আলী নামের এক ব্যক্তিকে। বৃহস্পতিবার রাতে নিয়ামতপুর গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। চেরাগ আলী উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মৃত হাজী ইব্রাহিম আলীর পুত্র। এ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রামবাসীর মধ্যে পুলিশ আতংক বিরাজ করছে। গ্রামের জনৈক ব্যক্তির সাথে চেরাগ আলীর ভূমি ক্রয়-বিক্রয়ের টাকার লেনদেন নিয়ে বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরেই চেরাগ আলীকে খুন করা হয়েছে। দোয়ারা থানার অফিসার ইনচার্জ সেলিম নেওয়াজ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
