দেশের বিভিন্ন স্থানে পৃথক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের চাঁপাইনবাবগঞ্জ লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় মহিলা নিহত
চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূ নিহত
জেলার সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় গতকাল শুক্রবার ট্রাকের ধাক্কায় সুমি বেগম (২৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। নিহত সুমি একই উপজেলার নিচুধুমি গ্রামের আবু বাক্কারের স্ত্রী। সদর মডেল থানার এসআই দুলাল উদ্দিন জানান, শুক্রবার রিকশাযোগে বাড়ি ফেরার পথে লক্ষ্মীপুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক রিকশাকে ধাক্কা দিলে রিকশা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে সে মারা যান। ট্রাকটি নিয়ে পালিয়ে যায় চালক।
মানিকগঞ্জে দম্পতি নিহত
ঘিওরের ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় বাস চাপায় মানিকগঞ্জ পশু হাসপাতালের ভেটেরিনারী সার্জন ডা. দুলালী রানী সরকার (৫০) ও তার স্বামী শরিয়তপুর জেলা মত্স্য কর্মকর্তা দয়াল চন্দ্র রায় (৫৬) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার মানিকগঞ্জগামী ভিলেজ লাইন পরিবহনের একটি বাসের চাপায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই দম্পতির বাড়ি মানিকগঞ্জ শহরস্থ গঙ্গাধরপট্টির বনগ্রাম আবাসিক এলাকায়। গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির জানান, নিহতদের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ভিলেজ লাইন পরিবহনের ওই বাসটিকে জেলা পুলিশ লাইন এলাকা থেকে আটক করা হলেও বাসের চালক পালিয়ে গেছে।
গলাচিপায় ভুল চিকিত্সায় শিশুর মৃত্যু
গলাচিপা (পটুয়াখালী) \ গলাচিপা উপজেলার বাঁশবাড়িয়া বাজারে হাতুড়ে ডাক্তার ফারুক মাওলানার ভুল চিকিত্সায় মারা গেছে সাড়ে তিন বছরের শিশু মোঃ রাব্বি। এ ঘটনায় মামলা না করা এবং ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য রাব্বির বাবা কবির হাওলাদারকে চাপ দিচ্ছে একটি প্রভাবশালী মহল।
বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের কবির হোসেনের পুত্র মোঃ রাব্বিকে নিয়ে বৃহস্পতিবার বাঁশবাড়িয়া বাজারে হাতুড়ে ডাক্তার মোঃ ফারুকের চেম্বারে চিকিত্সা করাতে নিয়ে যায়। সেখানে শিশুটির পিঠের নিচে একটি বিষফোড়া অপারেশন করেন ডাক্তার ফারুক। এক পর্যায় অবস্থার অবনতি হলে শিশুটিকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মনি শংকর বলেন, শিশুটি অনেক আগে মারা গেছে।
বড়াইগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত
নাটোরের বড়াইগ্রামে গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় একই গ্রামের দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন-উপজেলার কায়েমকোলা গ্রামের কলিমউদ্দিনের ছেলে মো. আব্দুল (৪০) ও একই গ্রামের মৃত ভাদু মালিথার ছেলে প্রাইভেটকার চালক সেলিম মালিথা।
বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মাহবুব জানান, শুক্রবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের আহম্মেদপুর বাসস্ট্যান্ডে সাইকেলযোগে রাস্তা পারাপারের সময় সাইকেল আরোহী মো. আব্দুলকে নাটোর থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির ট্রাক চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, শুক্রবার একই গ্রামের সেলিম মালিথা ঢাকায় প্রাইভেট কার ও বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছেন।
বড়াইগ্রামে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কায়েমকোলা গ্রামে গতকাল শুক্রবার দুপুরে নন্দকুজা নদীর পানিতে ডুবে রনি (৭) ও হূদয় (১৩) নামে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রনি কায়েমকোলা গ্রামের রবিউল করিম রবির ছেলে ও আহম্মেদপুর স্যাপার ল্যাড স্কুলের ২য় শ্রেণীর ছাত্র এবং হূদয় রবিউল করিম রবির সহোদর ভাই শাহীনের ছেলে এবং আহম্মেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।
এলাকাবাসী জানান, শুক্রবার দুপুরে রনি ও হূদয় গোসল করতে এক সঙ্গে নদীর উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। দুপুরে নদীতে রনির ভাসমান লাশ দেখতে পেয়ে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানির নিচ থেকে হূদয়ের লাশ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় দারুণ শোকের ছায়া নেমে এসেছে।
নওগাঁয় পুকুরে ডুবে
ছাত্রের মৃত্যু
নওগাঁয় কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে গতকাল শুক্রবার সাঁতার কাটা শিখতে গিয়ে ডুবে তানজিমুল ইসলাম(১৯) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। তানজিমুল ইসলাম পার-নওগাঁ মহল্লার হযরত আলীর ছেলে ও বগুড়া সরকারি আজিজুল হক কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র। বাড়ি জেলার রানীনগর উপজেলার পারইল বিশা গ্রামে।
নওগাঁ সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, তানজিমুলের বাবা ইসলামী ব্যাংকের ক্যাশিয়ার।
