বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে প্রতিদ্বন্দ্বী দলের কাছ থেকে নয় বরং প্রচণ্ড গরমের কারণে চাপে পড়তে পারে বলে ধারণা করছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। দলটির তারকা পেড্রো রড্রিগুয়েজ গত বৃহস্পতিবার বলেন, আয়োজক দেশ ব্রাজিলের অত্যাধিক গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়ার কারণে অংশগ্রহণকারী দলগুলোকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।
স্পেন গত বছর অনুষ্ঠিত কন-ফেডারেশন কাপের ফাইনালে উঠলেও স্বাগতিক ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে খালি হাতে দেশে ফেরে। বার্সেলোনা তারকা পেড্রো বলেন,‘সেখানে সব সময় গরম অনুভূত হয় এবং এটি খুবই কঠিন। গত বছর আমরা সেখানে খেলেছি। তবে তাপমাত্রার কারণে নিজেদের খাপ খাওয়াতে বেগ পেতে হয়েছে।’ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দলটির এই তারকা খেলোয়াড় বলেন,‘১২ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপেও আমরা একই অবস্থার আশঙ্কা করছি।’
ব্রাজিলের উদ্দেশ্যে যাত্রাপথে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সঙ্গে কিছুটা মানিয়ে নিতে এবং দীর্ঘ বিমান ভ্রমণের ক্লান্তি থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রের রাজধানীতে যাত্রাবিরতি করে স্পেন দল। এসময় পেড্রো আরো বলেন,‘যত দ্রুত সম্ভব ব্রাজিলের আবহাওয়ার সঙ্গে আমাদের খাপ খাইয়ে নিতে হবে। সেই সঙ্গে শারীরিকভাবেও ভাল থাকতে হবে। তাহলেই কেবল আমরা ক্ষতিগ্রস্ত হবো না।’ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ‘লা রোজারা’ তাদের গ্রুপ পর্বের দুটি ম্যাচের ভেন্যুতে বেশি তাপমাত্রার আশংকা করছে। সালভাদরে নেদারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ এবং রিও ডি জেনিরোতে চিলির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে এমন তাপমাত্রাজনিত সমস্যায় পড়ার আশঙ্কা করছে স্পেন। শিরোপাধারীরা গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচটি খেলবে কারিতিবায়।
নেদারল্যান্ডের বিপক্ষে ১৩ জুন নিজেদের উদ্বোধনী ম্যাচের দিকে অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন চেলসি ডিফেন্ডার সিজার আজপিলিকুয়েটা। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফাইনালে এই দলটিকে হারিয়েই শিরোপা লাভ করেছিল স্পেন। বাসস/এএফপি
