গুনে গুনে আর পাঁচটি দিন বাকি। এখন অপেক্ষা উত্সবে মেতে ওঠার, অপেক্ষা ফুটবল বিশ্বের বৃহত্তম আনন্দযজ্ঞে সামিল হওয়ার। কিন্তু এখনও অনেকের মনে সংশয় আছে। খোদ ব্রাজিলে এখনও ছোট-বড় বিক্ষোভ, অপ্রীতিকর ঘটনায় প্রশ্ন উঠছে—উত্সবটা জমবে তো?
অন্য কারো সংশয় থাকতে পারে। ফিফা সভাপতি সেপ ব্লাটারের এতোটুকু সংশয় নেই ব্রাজিল বিশ্বকাপ নিয়ে। তিনি সাও পাওলোতে পরিষ্কার করে বলেছেন, তারা এখন উত্সবের জন্যই অপেক্ষা করছেন, ‘ফিফায় আমরা সবাই খুব নিশ্চিত যে, একটা উত্সবই অপেক্ষা করছে আমাদের জন্য।’
ব্লাটার সাও পাওলোতে, ফাইনালের ভেন্যুতে, যখন এই কথা বলছিলেন, তার কয়েকঘন্টা আগে এখানে সাবওয়ে কর্মীদের ধর্মঘট অচল করে দিয়েছিল জীবনযাত্রা। অবশ্য এই চলমান ধারাবাহিক ধর্মঘটে আশঙ্কার কিছু দেখছেন না ফিফার এই বর্ষীয়ান সভাপতি। তিনি আরও অনেকের মতোই মনে করছেন, বিশ্বকাপ শুরু হলেই লোকজন শান্ত হয়ে যাবে।
ব্লাটারের মতোই ধারণা ফিফার মহাসচিব জেরোম ভালকেরও। তিনিও মনে করছেন, এইসব ঝুঁকি-টুকি আসলে কিছুই না। পুরো পরিস্থিতিই সরকার ও ফিফার নিয়ন্ত্রণে আছে বলে মনে করছেন তিনি, ‘এখন সবকিছু আসলে ১২ জুনের জন্য প্রস্তুত। সবগুলো বেস ক্যাম্প সেরা চেহারায় অপেক্ষা করছে।’
ভালকে পরিষ্কার করে বলছেন, তাদের সূত্রগুলো নিশ্চিত করছে যে প্রথম সপ্তাহে কোনো ঝামেলাই হবে না। আর সেটা না হলেই বিশ্বকাপ নির্বিঘ্নে শেষ হবে বলে মনে করেন তিনি, ‘প্রতিযোগিতার প্রথম সপ্তাহে কোনো ঝামেলা হবে না। পুরো টুর্নামেন্টের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। সবকিছুই আমাদের নিয়ন্ত্রণে আছে। সামনের দিনগুলো নিয়ে আতঙ্কের কিছু নেই।’ এদিকে চোখের সামনেই ধর্মঘট, অচলাবস্থা দেখেও ব্লাটার কেন আশাবাদী হচ্ছেন, তার ব্যাখ্যাও সেই পরিচিত সুরে দিয়ে দিলেন, ‘আমি আশাবাদী। সেটা না হওয়ার কারণও নেই। কারণ, একবার টুর্নামেন্ট শুরু হয়ে গেলে সবার মুড বদলে যাবে।’
