টানা দ্বিতীয়বারের মত শিরোপা নিয়ে ঘরে ফিরতে পারলে সাত লাখ ২০ হাজার ইউরো প্রাইজ মানি বা নগদ অর্থ পুরস্কার পাবেন কোচ ভিসেন্তে দেল বস্কের স্পেন জাতীয় দলের প্রত্যেক সদস্য। এই অংক ব্রাজিল ও জার্মান দলের জন্য ঘোষিত অর্থের প্রায় দ্বিগুণ। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের মহাসচিব জর্জ পিরেজের সঙ্গে খেলোয়াড়দের এই নগদ পুরস্কার সংক্রান্ত একটি চুক্তিপত্রে খেলোয়াড়দের হয়ে সম্মতি দিয়েছেন স্পেন জাতীয় দলের অধিনায়ক ইকার ক্যাসিয়াস ও সহ-অধিনায়ক জাবি। এবারের আসরে শিরোপা জয়ী দলকে ফিফার পক্ষ থেকে নগদ পুরস্কার হিসেবে দেয়া হবে দুই কোটি ৭০ লাখ ইউরো। ২০১০ বিশ্বকাপের দেয়া অর্থের চেয়ে এটি ৩৭ শতাংশ বেশি। খেলোয়াড়রা চার বছর আগে অনুষ্ঠিত আসরের তুলনায় ২০ শতাংশ বেশি পরিমাণ নগদ অর্থ হিসেবে পাবেন। ফলে টানা দ্বিতীয়বারের মত শিরোপা জিততে পারলেই স্পেন দলের কর্মকর্তা থেকে শুরু করে দলের প্রত্যেক সদস্য সাত লাখ ২০ হাজার ইউরো করে অর্থ পাবেন। অথচ ব্রাজিলীয় খেলোয়াড়দের জন্য তিন লাখ ৩০ হাজার এবং জার্মানদের জন্য তিন লাখ ইউরো করে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে।
তবে এই আর্থিক অংকটি স্পেনে বিতর্কের ঝড় তুলেছে। সেখানকার এক রাজনীতিবিদ টুইট করে বলেছেন, ‘জার্মানীর তুলনায় দ্বিগুণ প্রাইজমানি ঘোষিত হয়েছে ফুটবল বিশ্বকাপের জন্য। তার মানে আমরা কি জার্মানদের তুলনায় দ্বিগুণ ধনী?’ এদিকে অর্থের বিষয়টিকে সমর্থন করেছেন স্প্যানিশ কোচ দেল বস্ক। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এই সব কিছুই স্বচ্ছতার মাধ্যমে করা হবে। আশা করি, আমরা বিশ্বকাপ শিরোপা জয় করব এবং আয়-ব্যয়ের হিসাব প্রদান করব।’—বাসস
