বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে বেলজিয়ামের প্লেমেকার এডেন হ্যাজার্ডের পারফরম্যান্সে সন্তুষ্ট নয় বেলজিয়াম। দেশটির সাবেক এক ফুটবলার তো কোচকে বলেই দিয়েছেন, প্রয়োজন হলে এই চেলসি স্ট্রাইকারকে বিশ্বকাপ দল থেকে বাদ দিতে। বেলজিয়ামকে এমন একটি দল হিসেবে ধরা হচ্ছে যারা, এবারের বিশ্বকাপে ফেভারিট দলগুলোর হতাশার কারণ হতে পারে। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে দু’টি প্রস্তুতি ম্যাচে দলের হ্যাজার্ডের পারফরম্যান্সে হতাশা ব্যক্ত করেছেন দলটির সাবেক ফুটবলার মার্ক ডিগ্রেইস।
হ্যাজার্ডকে নিয়ে কোচ মার্ক উইলমটসকে আলোচনায় বসার জন্যও আহ্বান জানিয়েছেন ১৯৯০ এবং ’৯৪ সালে বিশ্বকাপ খেলা ডিগ্রেইস। এই ফরোয়ার্ড কোচ উইলমটসেরও সতীর্থ ছিলেন।
হ্যাজার্ডের সম্পর্কে ডিগ্রেইসের সমালোচনা চেলসি কোচ হোসে মরিনহোরও সমালোচনাকেই প্রতিধ্বনিত করছে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচে নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ৩-০ গোলে হেরে গেলে হ্যাজার্ডের পারফরম্যান্সের সমালোচনা করেন চেলসি কোচ।
হ্যাজার্ড সম্পর্কে তার স্বদেশী ডিগ্রেইস বলেন, ‘নিজেকে ধরে রাখার জন্য তাকে কঠোর পরিশ্রম করা দরকার। সুইডেনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সে বেশ ক’টি সুযোগ নষ্ট করেছে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে চেলসির হয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষেও সে এমনটা করেছিল। এই অবস্থার যদি পরিবর্তন না হয়, তাহলে তাকে বাদ দিয়ে উইলমটস সমাধান আনতে পারে।’
এমন অবস্থায় হ্যাজার্ডকে জ্বলে ওঠার আহ্বান জানালেন ডিগ্রেইস, ‘এটাই তার ভাল পারফরম্যান্স উপহার দেয়ার উপযুক্ত সময়। যার মাধ্যমে সে সাফল্যের সূচনা করবে। আমরা এটার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। এই মেধাবী তরুণের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করতেই পারি। সে যদি আমাদের এই প্রত্যাশার ব্যাপারে সচেতন না হয় তাহলে অন্যকারো জন্য সে তার জায়গা ছেড়ে দিতে পারে।’
তবে হ্যাজার্ড সম্পর্কে ডিগ্রেইসের এই সমালোচনা কর্ণপাত করছেন না কোচ উইলমটস। শনিবার তিউনিসিয়ার বিপক্ষে অনুষ্ঠিতব্য প্রস্তুতি ম্যাচে এই প্লেমেকার ভাল করবেন বলে আশাবাদী তিনি, ‘তার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। ছন্দে ফিরতে তার আরও ম্যাচ খেলার প্রয়োজন রয়েছে। তারপরও বলবো তার সক্ষমতা ও পারফরম্যান্স নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সদ্য সমাপ্ত মৌসুমে চেলসির হয়ে এর প্রমাণ দিয়েছে সে। সে খারাপ খেললে তাকে আমি হেয় করবো না বা তার জায়গায় পরিবর্তন আনবো না।’
