কায়েসের সেঞ্চুরিতে হার এড়ালো ‘এ’ দল

আপডেট : ০৬ জুন ২০১৪, ২২:০১
ইমরুল কায়েসের দায়িত্বশীল সেঞ্চুরিতে (১১২) হার এড়ালো বাংলাদেশ ‘এ’ দল। চারদিনের খেলার প্রথমটিতে আগেই জয় নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরমেন্স দল ১-০ ব্যবধানে জয়ী হলো দুই ম্যাচের এই সিরিজে। কায়েস বার্বাডোজের কিংসটনে অনুষ্ঠিত খেলাটিতে নিশ্চিত হারের মুখে দলকে জেতাতে না পারলেও ড্রয়ে অবদান রাখেন। শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ছিল ৪৯০ রান। কায়েস ২৪৭ বলের মোকাবেলায় ১৫টি বাউন্ডারি ও দুই ওভার বাউন্ডারির সাহায্যে ইনিংসটি খেলেন। তাতে বাংলাদেশের দলটি নয় উইকেটে ২৪২ রান তুলে রক্ষা পায়। ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরমেন্স দল প্রথম ইনিংসে ৩৫৪ রান তোলার পর নাসির হোসেনের দল নিজেদের প্রথম পালায় ২১৯ রান তুলতেই গুটিয়ে গিয়েছিল। ১৩৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাঁচ উইকেটে ৩৫৪ রান তুলে জয়ের জন্য বড় টার্গেট দেয় অতিথিদের। দুরূহ এ সংগ্রহের তাড়ায় তৃতীয় দিনের শেষ বিকেলেই ৩২ রানে তিন উইকেট হারিয়েছিল ‘এ’ দল। ওপেনার কায়েস শুরু থেকে লড়াই চালিয়ে তিন অংকের ঘরে পৌঁছালে রক্ষা পায় বাংলাদেশের দলটি। উল্লেখ্য, আগামীকাল রবিবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।