এনটিভির সংগীতবিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান মিউজিক জ্যামের হটসিটের এবারের অতিথি সংগীতশিল্পী ও সাংবাদিক আমিরুল মোমেনীন মানিক। অনুষ্ঠানটি রোববার রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে। এতে মানিক তার সাম্প্রতিক সময়ে শ্রোতাপ্রিয় হওয়া তিনটি গান গাইবেন। পাশাপাশি সংগীত জগতে তার পথচলা ও বর্তমান তত্পরতা নিয়েও কথা বলবেন। মিউজিক জ্যাম প্রযোজনা করেছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।
এছাড়ও এটিএন বাংলার সংগীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ঢাক-ঢোলের আগামী পর্বে অতিথি হয়ে আসছেন মানিক।
চলমান সময়ে সংগীত নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন আমিরুল মোমেনীন মানিক। আগামী ১৫ জুন মুক্তি পাচ্ছে তার নতুন ভিডিও গান ‘স্মৃতি’। ওই দিন থেকে ভিডিওটি সব চ্যানেলে প্রচার হবে। এছাড়া তার ‘অবাক শহরে’ শিরোনামের একটি গানের ভিডিও তৈরির প্রস্তুতি চলছে এখন।
ইতোমধ্যে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত মানিকের ‘ছায়ামানবী’, ‘রংবাজার’ ও ‘মিসকল’ শিরোনামের তিনটি ভিডিও বেশ আলোচিত হয়েছে।
এবারে শুরু করেছেন নতুন অ্যালবামের কাজ। অ্যালবামের জন্য গান লিখছেন দেশের প্রথম সারির সব গীতিকার।
