পৃথক দুর্ঘটনায় ৯ জন নিহত

আপডেট : ০৭ জুন ২০১৪, ২১:৫৫
দেশের কয়েকস্থানে পৃথক দুর্ঘটনায় নিহত ৫, খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের। কাশিয়ানীতে দুর্ঘটনায় নৈশ কোচ খাদে, নিহত ৩ গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী একটি নৈশ কোচ খাদে পড়ে তাবলিক জামাতের ১ সদস্যসহ ৩ জন নিহত ও কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পোনা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- তাবলিক জামাতের সদস্য নেত্রকোনা জেলার পারহাটা থানার কেশবপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মেঃ ফৌজদার সিকদার (৬৫), নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নারায়নদিয়া গ্রামের সমীর মল্লিকের ছেলে খোকন মল্লিক (২৮) ও একই জেলার বাঁশ গ্রামের মৃত আশিক মৃধার ছেলে মোঃ ওদুদ মৃধা (৭০)। আহত বাস যাত্রী নড়াইল ভিক্টোরিয়া কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবিব বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা নড়াইলগামী দিগন্ত পরিবহনের নৈশ কোচটির চালক বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন। কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তরুণ মন্ডল জানিয়েছেন, আহত কলেজ শিক্ষক আহসান হাবিব, কলেজ ছাত্রী মুন্নি আক্তার, তানিয়া, গার্মেন্টস কর্মী স্বপ্না, গৃহবধূ হেমলতা, বাসযাত্রী নুরুল আমিন ভুঁইয়া, নুরুজ্জামান, মাজেদুর রহমান, নুরুল আমিনসহ ১৪ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম এ সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর কথা স্বীকার করে বলেছেন, সড়ক দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিসকর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘিওরে সড়ক দুর্ঘটনায় দুই যুবলীগ নেতা ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলা জোকানামক এলাকায় ঈগল পরিবহন একটি যাত্রীবাহী বাস চাপায় দুই যুবলীগ নেতা নিহত হয়েছেন। গতকাল শনিবার মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্যের সমাবেশে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এসময় উত্তেজিত জনতা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঐ বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং ৫টি ঈগল পরিবহনের বাস ভাংচুর করে। এসময় ঢাকা-আরিচা মহাসড়ক দীর্ঘ ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ঘিওর থানা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলে পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়। নিহতরা হলেন, বানিয়াজুরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সবজেল সওদাগর (২৭) ও প্রচার সম্পাদক মোঃ রুবেল হোসেন (২৬)। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (?ওসি) শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। আশুগঞ্জে এনজিও কর্মীর লাশ উদ্ধার গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক এনজিও কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ঝুমুর রানী দাস (২৪)। সে উপজেলার লালপুরের পবিত্র চন্দ্র দাসের মেয়ে। লালপুর ইউনিয়নের চেয়ারম্যান মুর্শেদ মাস্টার জানান, শুক্রবার থেকে মেয়েটি নিখোঁজ ছিল। লালপুরের সুহাস দাসের বাড়িতে ব্র্যাকের অফিস খোলার পর মেয়েটি ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। ঝুমুর ব্র্যাকের লালপুর শাখার ক্যাশিয়ার পদে চাকরি করতেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। আগৈলঝাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামে পানিতে ডুবে গতকাল শনিবার সকালে দুই শিশুর মৃত্যু হয়েছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, শনিবার ওই গ্রামের সিরাজ মোল্লার মেয়ে পলি (৮) ও তার ভাড়াটিয়া বজলুর তালুকদারের মেয়ে মিমসহ (৯) ৪ থেকে ৫ জন সিরাজের বাড়ির পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে পলি ও মিম পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন সকাল ১১টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করে। দৌলতপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতন, নবজাতকের মৃত্যু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বালিরদিয়াড় বাজারে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে দৌলতপুর উপজেলার ভাইস চেয়ারম্যানের দুই ভাতিজা। নির্যাতনের ফলে ঐ গৃহবধূর গর্ভপাত ঘটে নবজাতকের মৃত্যু হয়েছে। বর্তমানে সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ভাইস চেয়ারম্যানের হুমকির ভয়ে থানায় মামলা করতে সাহস পায়নি নির্যাতিতার পরিবার। উপজেলার মরিচা ইউনিয়নের বালিরদিয়াড় বাজার সংলগ্ন ইটভাটার শ্রমিক শরিফুলের বাড়ি থেকে দৌলতপুর উপজেলার ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মঈনউদ্দিন মোহনের ভাতিজা বেলালের দোকানে বিদ্যুত্ সংযোগ না দেবার অপরাধে বৃহস্পতিবার রাতে ভাইস চেয়ারম্যানের দুই ভাতিজা বেলাল ও ইউসুফ শরিফুলের বাড়িতে হানা দেয়। এসময় শরিফুল পার্শ্ববর্তী ইটভাটায় কর্মরত ছিল। শরিফুলকে না পেয়ে বেলাল ও ইউসুফ শরিফুলের অন্তঃসত্ত্বা স্ত্রী হোসনেয়ারাকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে দু’টি গাল, মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ কেটে দেয়। এবং কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে। দৌলতপুর থানার ওসি এনামূল হক জানান, তিনি বিষয়টি শুনেছেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।