বরিশালে ছাত্রদল নেতার বাসা থেকে অস্ত্র উদ্ধার

আপডেট : ০৭ জুন ২০১৪, ২১:৫৬
নগরীর ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টিপুর বাসা থেকে ১০টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর কালিবাড়ি রোডস্থ বরিশাল কলেজ সংলগ্ন জিতু-টিপুর বাসায় অভিযান চালিয়ে ৬টি রামদা ও ৪টি চাপাতি উদ্ধার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি পুলিশের সহকারী কমিশনার ভাস্কর সাহা জানান, বরিশাল কলেজ ছাত্রদল সভাপতি পরিচয় দেয়া ১৯ নম্বর ওয়ার্ড সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টিপুর বাসায় এসব ধারালো অস্ত্র পাওয়া গেলেও টিপু এ অভিযানের সময় বাসায় ছিলো না। টিপুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে । এছাড়া নগরীর নথুল¬াবাদ এলাকা থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ ইউনুস নামের এক মাদক ব্যবসায়ীকে ঐ রাতে ডিবি পুলিশ আটক করে। নৌ-বন্দর থানা এলাকা থেকে গাঁজা বিক্রেতা সাইদকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধারকৃত গাঁজাসহ তাকে থানায় সোপর্দ করা হয়েছে। পৃথক অভিযানে চার ডাকাত গ্রেফতার এদিকে সেনাকর্মকর্তার বাসায় ডাকাতির ঘটনায় মালামালসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। তিনদিনের টানা অভিযান শেষে গতকাল শনিবার বেলা ১২টায় কোতয়ালী মডেল থানায় এক সংবাদ সম্মেলনে ডাকাতদের আটক ও মালামাল উদ্ধারের তথ্য তুলে ধরেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আতিকুর রহমান মিয়া। তিনি ডাকাতদের ঢাকা ও বরগুনার বেতাগীসহ বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারের বর্ণনা তুলে ধরেন। গ্রেফতারকৃত ডাকাতরা হল: বরগুনার বেতাগী উপজেলার পূর্ব রানিপুর গ্রামের হাতেম আলী খাঁর ছেলে চাকরিচ্যুত সেনাসদস্য ওবায়েদুর রহমান ফারুক ওরফে আর্মি ফারুক, উজিরপুরের বামরাইলস্থ উত্তর মোরাকাঠি গ্রামের মৃত হাতেম রাঢ়ির ছেলে আলম রাঢ়ি, একই এলাকার সেকেন হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার, নৌ-বন্দর থানাধীন চর কাউয়াস্থ্থ আশরাফ আলি হাওলাদারের ছেলে মোজাম্মেল হোসেন ওরফে মনির।