দেশের বিভিন্নস্থানে পৃথক ঘটনায় ৫ জন নিহত হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
সুন্দরবনের শেলা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
মংলা (বাগেরহাট) \ সুন্দরবনের শেলা নদীর জয়মনির ঘোল এলাকা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার লাশটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। তবে লাশের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
মংলা থানার ওসি মো. বেলায়েত হোসেন জানান, সুন্দরবনের শেলা নদীর চাঁদপাই ফরেস্ট ঘাটের ২শ’ গজ দূরে লাশটি ভাসতে দেখে জেলেরা জয়মনি পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ এসে অজ্ঞাত পরিচয়ের লাশটি উদ্ধার করে।
বান্দরবানের রোয়াংছড়িতে এনজিও কর্মীর লাশ উদ্ধার
বান্দরবান \ বান্দরবানের রোয়াংছড়িতে নিখোঁজ এনজিও কর্মী উপ্রু মারমা’র লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার জেলার রোয়াংছড়ি উপজেলার ব্যাঙছড়ি পাহাড় থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত উপ্রু মারমা বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের স্বাস্থ্যকর্মী এবং আনন্দ স্কুলের শিক্ষিকা।
রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সাত্তার জানান, পুলিশ ব্যাঙছড়ির মনজয়পাড়ার কাছাকাছি একটি পাহাড়ের জঙ্গল থেকে এনজিও কর্মীর লাশ উদ্ধার করে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
ফেনীতে সন্ত্রাসীদের হাতে পোস্ট মাস্টার নিহত
ফেনী \ ৫ জুন রাতে ফেনী সদর থানাধীন মমতাজ মিয়ার হাট পোস্ট অফিসের পোস্ট মাস্টার মাহবুবুল হককে সন্ত্রাসীরা আহত করলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে আহত অবস্থায় গতকাল শনিবার সকালে সে মারা যায়। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুব মোর্শেদ জানান, ঘটনাটির ব্যাপারে নিহত মাহবুবুল হকের পরিবার থানায় মামলা করেনি। তিনি বলেন, চট্টগ্রামে মারা যাওয়ার পর তিনি ঘটনাটি জানতে পেরেছেন।
আগৈলঝাড়ায় পানিতে ডুবে দু’ শিশুর মৃত্যু
বরিশাল অফিস \ আগৈলঝাড়া উপজেলায় পানিতে ডুবে পলি (৭) ও মীম (৮) নামে দু’ শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। পলি ঐ গ্রামের সিরাজ মোল্লার মেয়ে। মীম সিরাজ মোল্লার ভাড়াটিয়া শাহজাহান তালুকদারের মেয়ে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, বাড়ির পাশের পুকুরে পাশে মীম ও পলি খেলছিল। এক পর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
