নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই দেয়াল ধস

আপডেট : ০৭ জুন ২০১৪, ২১:৫৯
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাট্টাই ধোবা নামক স্থানে একটি ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই এর একাংশের দেয়াল ধসে পড়েছে। এ ব্যাপারে ঠিকাদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা। জানা যায়, বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র নির্মাণ কাজ ২০১৩ সালের প্রথম দিকে গোপালগঞ্জের মাহামুদ এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান শুরু করে। স্থানীয়রা জানান, নির্মাণ কাজে নিম্নমানের ইট, বালু, সিমেন্ট ও কমদামী রড ব্যবহার করায়, কাজ সমাপ্তের আগেই ভবনের পশ্চিম পাশের একটি দেয়াল ভেঙ্গে পড়ে গেছে। নির্মাণ মিস্ত্রী মোঃ চান মিয়া বলেন, সিমেন্ট না জমার কারণে দেয়ালটি ধসে পড়েছে।