সেতাবগঞ্জ চিনিকলে চরম অর্থ সংকট

আপডেট : ০৭ জুন ২০১৪, ২১:৫৯
গত ৩ মৌসুমের উত্পাদিত ১০ হাজার ৩৪৪.১০ মেট্রিক টন চিনি অবিক্রিত থাকায় দিনাজপুর জেলার সর্ববৃহত্ ভারি শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকলে চরম অর্থ সংকট চলছে। সেচিক কর্তৃপক্ষ গত এপ্রিল ও মে মাসের শ্রমিক কর্মচারীর বেতন দিতে না পারায় শ্রমিক কর্মচারীরা অশান্ত হয়ে উঠেছে। অপরদিকে ৪১ কোটি ৩৭ লক্ষ ৬৪ হাজার টাকার চিনি বিক্রি করতে না পারায় আখচাষীর বকেয়া প্রায় সাড়ে ৪ কোটি টাকাও পরিশোধ করতে পারছে না মিল কর্তৃপক্ষ যার কারণে প্রতিনিয়ত চিনিকলের ব্যবস্থাপনা পরিচালককে আখচাষী ও শ্রমিক কর্মচারীদের তোপের মুখে পড়তে হচ্ছে। এ ব্যাপারে সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদউল্লাহ জানান, বে-সরকারি চিনি উত্পাদনকারী প্রতিষ্ঠানসমূহ কমমূল্যে বাজারে চিনি সরবরাহ করায় এ মিলের উত্পাদিত চিনি বিক্রি হচ্ছে না। এ বিষয়ে চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার চৌহান জানান, শ্রমিক কর্মচারীর বেতন না পাওয়ায় তারা মানবেতর জীবন-যাপন করছে। দর্শনা কেরু চিনিকলে ৯ মিলের এমডিদের মূল্যায়ন সভা দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ দর্শনা কেরু চিনিকলের অফিসার্স ক্লাব হলরুমে দেশের ৯টি চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ও অন্য কর্মকর্তাদের নিয়ে গত শুক্র ও শনিবার দু’দিনব্যাপী ২০১৩-১৪ আখ মাড়াই মৌসুমের কারখানা কার্যক্রমের উপর মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আজিজুর রহমানের সভাপতিত্বে ওইদিন বেলা ১০টায় সভার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (উত্পাদন ও প্রকৌশলী) মো: আমিনুল হক। অনুষ্ঠানে কুষ্টিয়া, নর্থ বেঙ্গল, নাটোর, পাবনা, ফরিদপুর, মোবারকগঞ্জ, রাজশাহী, রেণউইক যজ্ঞেশ্বর ও কেরু এ্যান্ড কোম্পানিসহ ৯টি মিলের ৯ জন ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য মিলের প্রায় অর্ধশত কর্মকর্তারা এ মূল্যায়ন সভায় গত দু’দিন অংশগ্রহণ করেন।