বড়াইগ্রামে বেসরকারি কলেজ প্রদর্শক এসোসিয়েশনের সম্মেলন
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ সরকারি কলেজের প্রদর্শকদের ন্যায় তিনটি টাইম স্কেল প্রদান ও ইনডেক্স নম্বরের ভিত্তিতে যোগ্যতাসম্পন্ন প্রদর্শকদের প্রভাষক পদে পদোন্নতিসহ তিন দফা দাবিতে নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ বেসরকারি কলেজ প্রদর্শক (শিক্ষক) এসোসিয়েশনের (বিএনসিডিএ) জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার এসোসিয়েশনের জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব মো. রোকনুজ্জামান, সহ-সভাপতি মইনুল ইসলাম শেখ ও জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, লালপুর উপজেলা সভাপতি আব্দুল হক প্রমুখ।
ফরিদপুরে গণমাধ্যম কর্মীদের অবহিতকরণ কর্মশালা
ফরিদপুর প্রতিনিধি \ গতকাল শনিবার ফরিদপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে এক অবহিত কর্মশালার আয়োজন করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ফরিদপুর। কর্মশালায় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা.মোড়ল ইয়াকুব আলী, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসানউজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল হাসান, স্বপন কুমার শর্মা, ডা. খলিলুর রহমান। ফরিদপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৪০ জন কর্মী এই কর্মশালায় অংশ নেন।
কুমিল্লায় নওয়াব ফয়জুন্নেছাসহ ৩০ জনকে সম্মাননা প্রদান
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লাস্থ বরুড়া উপজেলা উন্নয়ন সমিতির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে নারী শিক্ষা আন্দোলনের অগ্রদূত ও সমাজসেবক নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী এবং নিজ নিজ কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বরুড়ার প্রয়াতসহ ৩০ জনকে গুণীজন সম্মাননা ক্রেস্ট দেয়া হয়েছে গতকাল বিকালে। সম্মাননাপ্রাপ্তরা হলেন- সমাজসেবায় নওয়াব ফয়জুন্নেছা, ব্রিটিশ-বিরোধী আন্দোলনের নেতা প্রয়াত কমরেড এয়াকুব আলী (বড় মিয়া), প্রয়াত মৌলভী অছিমউদ্দিন এমএলএ, প্রয়াত আবদুল হাকিম এমপি, প্রয়াত আলী হোসেন এমপি, প্রয়াত এ কে এম আবু তাহের এমপি, নুরুল ইসলাম মিলন এমপি, সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন, সাবেক এমপি নাছিমুল আলম চৌধুরী, সাবেক এমপি মাহবুবুর রহমান, প্রয়াত আবদুল ওহাব খন্দকার, প্রয়াত মোহাম্মদ নুরুল হক, প্রয়াত হাজী নোয়াব আলী, অ্যাড. মো. সিরাজুল ইসলাম, প্রয়াত এম এ কাদের, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, চা বিক্রি করে বিদ্যালয় প্রতিষ্ঠাকারী আবদুল খালেক, সাংবাদিক মোজাম্মেল হক বাবু, ব্যবসায়ী আবদুল হক, লেখক নেয়ামতউল্লাহ ভূঁইয়া, অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, প্রয়াত মুক্তিযোদ্ধা ফিরোজউদ্দিন আহমেদ, মনীন্দ্র কিশোর মজুমদার, হাফিজ আহমেদ, উপজেলা চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরী, সাবেক পৌর মেয়র বাহাদুরুজ্জামান, পৌর মেয়র জসিমউদ্দিন পাটোয়ারী, আবদুস সোবহান মাস্টার, অ্যাড. কাজী নাজমুস সা’দাত সাধন ও জুনাব আলী।
ছাগলনাইয়ায় ১২টি স্কুল ও মাদ্রাসায় শতভাগ পাস
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা \ এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় ছাগলনাইয়া উপজেলায় মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ ছাত্র-ছাত্রী পাস করেছে। এসএসসিতে ৭টি স্কুলের শতভাগ ছাত্র-ছাত্রী পাস করেছে। শতভাগ পাস করা স্কুলগুলো হচ্ছে: ছাগলনাইয়া একাডেমী, ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয়, ছাগলনাইয়া পাইলট বালিকা বিদ্যালয়, বাঁশপাড়া আইডিয়াল একাডেমী, বাথানিয়া দুলুমা আজিম উচ্চ বিদ্যালয়, হরিপুর আলী আকবর উচ্চ বিদ্যালয় ও জমিলা খাতুন চৌধুরী উচ্চ বিদ্যালয়। দাখিলে ৫টি মাদ্রাসা থেকে শতভাগ ছাত্র-ছাত্রী পাস করেছে। শতভাগ পাস করা মাদ্রাসাগুলো হচ্ছে: দারোগারহাট আবুল কাশেম ইসলামিয়া আলিম মাদ্রাসা, দাইয়াবিবি ইসলামিয়া আলিম মাদ্রাসা, চাঁদগাজী জব্বারিয়া দাখিল মাদ্রাসা, হরিপুর কামালউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও চম্পকনগর আদর্শ ইসলামিয়া দাখিল মাদ্রাসা।
বিশ্বনাথে নদী চরের লীজ বাতিলের দাবিতে মানববন্ধন
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা \ সিলেটের বিশ্বনাথে বাসিয়া নদীর চর লীজ বাতিলের দাবিতে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন পালিত হয় গতকাল শনিবার। মানববন্ধন চলাকালে জেলা প্রশাসক উপজেলা পরিষদের মেলা উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন। এসময় এলাকাবাসী জেলা প্রশাসক মো.শহিদুল ইসলামকে বাসিয়া নদীর চর লীজ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে অবহিত করেন। ব্যবসায়ী মাহবুর রহমান লিলুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য নুরুল হক, ব্যবসায়ী আমির আলী প্রমুখ। সভায় বক্তারা বলেন-উপজেলা সদরের ‘বাসিয়া নদীর’ চর দখলমুক্ত করতে হবে। অবৈধভাবে নদীর চর দখল করে সরকারিভাবে লীজ নেয়ার পাঁয়তারা চলছে।
কুমিল্লায় হেলথ ইন্সপেক্টরস সেক্টরাল এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
সদর দক্ষিণ (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে গতকাল শনিবার বাংলাদেশ হেলথ ইন্সপেক্টরস সেক্টরাল এসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফেনী জেলা (হেলথ সুপারিন্টেনডেন্ট) মোঃ আবুল বাশার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা (এএইচআই) আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলার রামু উপজেলার বাবু বিপ্লব বড়ুয়া ও কুমিল্লা সিভিন সার্জন অফিসের জাহাঙ্গীর আলম । বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা (এইচআই) এ এস এম লুত্ফর রহমান, কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগীয় মাঠকর্মী এসোসিয়েশন সভাপতি ওমর আলী, চট্টগ্রাম জেলার বাবু অনীল পাল, খাগড়াছড়ি জেলার বিনয় বাবু প্রমুখ।
তাড়াইল পাইলট উচ্চ বিদ্যালয়ে শোক পালন
তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের তাড়াইলে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র রাজিব তালুকদার নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও এর সাথে জড়িতদের বিচারের দাবিতে গতকাল শনিবার শোক পালন করেছে তাড়াইল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে সকাল ১০টায় সকল ছাত্রছাত্রী বিদ্যালয় মাঠে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করে। এ সময় তাড়াইল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল মতিন ফকির, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ্, তাড়াইল উপজেলা ইউনিটের সভাপতি আলী কায়সার খান, ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব তাড়াইলের সাধারণ সম্পাদক সালমান ফার্সীসহ (নয়ন) সহিলাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, তাড়াইল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চান্দিনা পৌরসভায় শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চান্দিনায় পৌর এলাকার সকল প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি উপকরণ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার পৌর এলাকার ১৪টি প্রাথমিক বিদ্যালয়, ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি কলেজের প্রায় ৮শ’ শিক্ষার্থীদের সংবর্ধিত ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। চান্দিনা পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তৃতা করেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা সিভিল সার্জন ডা. মুজিব রহমান, জেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ, চান্দিনা উপজেলা চেয়ারম্যান তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ ছালেহ্ আহাম্মদ। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহউদ্দিন, কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ প্রমুখ।
সাতক্ষীরায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা
সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরার ভবিষ্যত্ উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু গতকাল শনিবার। মতবিনিময়কালে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মোর্শেদ, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলসহ সাংবাদিকবৃন্দ ।
চারঘাটে নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সভা
চারঘাট (রাজশাহী) সংবাদদাতা \ চারঘাটে উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহযোগিতায় থানাপাড়া সোয়ালোজ ডেভেলপমেন্ট সোসাইটি আয়োজিত উক্ত সভা সংস্থার প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। আয়োজক সংস্থার নির্বাহী পরিচালক রায়হান আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী পরিচালক মাহমুদা বেগম গিনি। সভা সঞ্চালনায় ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক এস এম মোজাম্মেল হক। সভায় ফোরামের গঠনতন্ত্র ও নির্বাহী পরিষদ অনুমোদন করা হয় এবং বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়। উপজেলায় সকল প্রকার নারী নির্যাতন বন্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।
গৌরনদীতে ইসলামী ও শ্রমিক আন্দোলনের কমিটি গঠন
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ বরিশালের গৌরনদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও শ্রমিক আন্দোলনের উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। ইসলামী আন্দোলনের সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মোঃ নেছারউদ্দিন খান ও সেক্রেটারী নির্বাচিত হন মাওলানা মুফতি মোস্তফা কামাল। ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি হিসেবে নির্বাচিত হন আলহাজ্ব মোঃ মনির হোসেন ও সেক্রেটারী নির্বাচিত হন মাওলানা মোঃ এমদাদুল হক। শুক্রবার সন্ধায় গৌরনদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের তরবিয়াতি কর্মশালা ও শূরা অধিবেশনের (দ্বি-বার্ষিক সম্মেলন) মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের গৌরনদী শাখার সভাপতি মাওলানা মোঃ নেছারউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালা ও শূরা অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ইদ্রিস আলী। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা শাখার সেক্রেটারী মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী মাওলানা মোঃ জামিলুর রহমান। বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা মুজাহিদ কমিটির সেক্রেটারী মোঃ আব্দুস সোবাহান খান, ছা্ত্র আন্দোলনের উপজেলা সভাপতি মোঃ মিরাজুল ইসলাম প্রমুখ।
মৌলভীবাজারে বৈদেশিক সহায়তার ব্যবহার নিশ্চিতকরণ কর্মশালা
মৌলভীবাজার প্রতিনিধি \ অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে এবং মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে বৈদেশিক সহায়তার ফলপ্রসূ ব্যবহার এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ বিষয়ক দিনব্যাপী পরামর্শক কর্মশালা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে বৈদেশিক সহায়তার পরামর্শক কর্মশালার উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আরাস্ত খান। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও এইড ইফেকটিভনেস জাতীয় প্রকল্পের পরিচালক মোনায়ার আহমদ। কর্মশালায় বৈদেশিক সহায়তার ফলপ্রসূ ব্যবহার বিষয়ে উপস্থাপনা করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব মুহাঃ আলকামা সিদ্দিকী প্রমুখ।
ধামরাইয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ গতকাল শনিবার ধামরাই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সজাগের চেয়ারম্যান মোঃ শামছুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি আলহাজ্ব এম, এ মালেক। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ আলহাজ্ব বেনজীর আহমদ, সাভার সার্কেল এএসপি রাশেল শেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা প্রমুখ। প্রতিটি কৃতী শিক্ষার্থীকে সজাগের পক্ষ থেকে ফুল, মূল্যবান বই ও ক্রেস্ট হাতে তুলে দেয়া হয়।
সিরাজগঞ্জে ছাত্রশিবির নেতা আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি \ সিরাজগঞ্জ সদর থানা ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদককে আটক করেছে পুলিশ। আটককৃত শিবির নেতা রাজু আহমেদ (৩৮) সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের চন্দ্রকোণা গ্রামের খয়ের মাস্টারের পুত্র। শুক্রবার রাত ১২টার দিকে বাড়ি যাওয়ার পথে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়ক থেকে তাকে আটক করে পুলিশ। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় একাধিক মামলা রয়েছে।
সারিয়াকান্দিতে মুক্তিযোদ্ধাদের মাঝে ভাতা বিতরণ
সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার সারিয়াকান্দি উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে গতকাল শনিবার ১০৪ জন মুক্তিযোদ্ধার মাঝে ভাতা বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলী আজগর, ডেপুটি কমান্ডার জহরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন প্রমুখ।
ত্রিশালে এমপি ও উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ত্রিশালে কোনাবাড়ী ইসলামীয়া মহিলা মাদরাসার আয়োজনে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে গতকাল শনিবার। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব এমএ হান্নান এমপি। কোনাবাড়ী ইসলামীয়া মহিলা মাদরাসার অধ্যক্ষ মাও. ইকবাল হোসাইনের পরিচালনায় ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হেলালউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, ত্রিশাল সদর ইউপি চেয়ারম্যান খন্দকার শাহজাহান কবীর, সাখুয়া ইউপি চেয়ারম্যান আয়ুব আলী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার সুরুজ আলী মন্ডল, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেলোয়ার হোসেন কামাল, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোহীত উল আলম, যুব সংহতির সভাপতি আমিনুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক বিপ্লব হাসান, পৌর যুব সংহতির সভাপতি মালেক চান দেওয়ান, ওলামা পার্টির সভাপতি মাওলানা তফাজ্জল হোসেন প্রমুখ।
মাদারীপুরে নির্বাচন কমিশনারের মতবিনিময়
মাদারীপুর প্রতিনিধি \ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী গতকাল শনিবার স্থানীয় সরকারি কর্মকর্তা, উপজেলা নির্বাচনের প্রার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা করেন। জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক, পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলামসহ প্রার্থী, জনপ্রতিনিধি এবং সাংবাদিকরা। উল্লেখ্য, ২৬ জুন মাদারীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
সারিয়াকান্দির বাঙ্গালী নদীতে ব্রিজের ভিস্তিপ্রস্তর স্থাপন
সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ছাগলধরা¬-মাছিরপাড়া সড়কের বাঙ্গালী নদীর উপর ২৮ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৩০ মিটার দীর্ঘ অত্যাধুনিক গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ভিস্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে ব্রিজের ভিস্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন এলজিইডি বগুড়ার নির্বাহী প্রকৌশলী নাঈম উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান গাজী হক গাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
সিংগাইরে অস্ত্রসহ যুবক গ্রেফতার
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ সিংগাইর থানা পুলিশ গতকাল শনিবার সকালে সিংগাইর উপজেলার ধল্লা গ্রামে আব্দুল ওহাবের বাড়ি থেকে পাইপগানসহ মোহাম্মদ ফাত্তাহ (২২) নামে এক ভাড়াটিয়া যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত যুবক আজিমপুর গ্রামের দলিল উদ্দিনের ছেলে। বর্তমানে তারা সাভারের আনন্দপুর গ্রামে বসবাস করেন। সিংগাইর থানার ওসি (তদন্ত) মো: শাহজাহান ভুঁইয়া জানান, কিছু সন্ত্রাসী যুবক ধল্লার আব্দুল ওহাবের বাড়ি ভাড়া নেয় এবং এখানে থেকেই তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটায়। এমন খবরের ভিত্তিতে তাদের ধরতে গেলে মোহাম্মদ ফাত্তাহ পুলিশের হাতে আটক হলেও বাকি আরো ৪/৫ জন যুবক পালিয়ে যায়। এ ব্যাপারে একটি মামলা হয়েছে এবং বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
বিশ্বনাথে ডিজিটাল মেলার উদ্বোধন
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা \ সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের উদ্যোগে দুই দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
মেলা উদ্বোধন পূর্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমার সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান আহমদ নুরউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন।
বটিয়াঘাটায় ওয়াচ গ্রুপের ওরিয়েন্টেশন
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ জাগ্রত যুব সংঘের আয়োজনে উপজেলা ওয়াচ গ্রুপের একদিনের ওরিয়েন্টেশন গতকাল শনিবার সকাল দশটায় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ওয়াচ গ্রুপের সভাপতি শেখ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আশালতা ঢালী, নজরুল ইসলাম, শাজাহান হাওলাদার, রেজাউল করিম, বন্দনা রায়, কানন মল্লিক, প্রতিভা বিশ্বাস, সুফিয়া বেগম ও জেজেএস ব্যবস্থাপক আব্দুল আজিজ প্রমুখ।
গাজীপুরে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন
গাজীপুর প্রতিনিধি \ গাজীপুর মহানগরীর বাইমাইল এলাকায় কাদের মার্কেট থেকে পুকুর পাড় পর্যন্ত রাস্তা ইটের সলিং দ্বারা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ উপলক্ষে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শরফুল আনাম খান, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান প্রমুখ।
ফুলবাড়ীতে মাদক বিরোধী সমাবেশ ও গাছের চারা বিতরণ
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী সমাজ উন্নয়ন সংস্থার (এসএসডিও) আত্মপ্রকাশ উপলক্ষে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান পালন করা হয়। গতকাল শনিবার আলোচনা সভা ও বিভিন্ন প্রজাতির ৫ হাজার গাছের চারা এবং এক হাজার গেঞ্জি বিতরণ করা হয়। শিমুলবাড়ী মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কার্যনিবাহী পরিচালক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান নজির হোসেন, শিমুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শলিফুল আলম সোহেল, প্রধান শিক্ষক মিজানুর রহমান, আ. মান্নান প্রমুখ।
লালপুরে সাংসদ সদস্যকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
লালপুর (নাটোর) সংবাদদাতা \ শনিবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালপুর উপজেলা কমান্ডের উদ্যোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ আবুল কালাম আজাদকে সংবর্ধনা দেয়া হয়। উপজেলা কমান্ডার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার, ডেপুটি কমান্ডার মাজদার রহমান প্রমুখ।
চৌদ্দগ্রামে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল শনিবার এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। এ উপলক্ষে উপজেলা সদর শিবির সভাপতি সাহাব উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবিরের কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি জয়নুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াত সেক্রেটারী শাহ মো. মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী মাহফুজুর রহমান, শিবিরের কুমিল্লা জেলা দক্ষিণ অফিস সম্পাদক আমজাদ হোসাইন রুমন, ছাত্রকল্যাণ সম্পাদক আবদুল কাইয়ুম মানিক, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন। উপজেলা শিবির সেক্রেটারী কফিল উদ্দিনের পরিচালনায় শিবিরের উপজেলা সদর অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন শামীমসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা সার্টিফিকেট দেয়া হয়।
শাহজাদপুর পৌরসভার পৌর ভিশনিং কর্মশালা
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো প্রকল্প ইউজিআইআই তিন এর আওতায় “পৌরসভা” উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গতকাল শনিবার “পৌর ভিশনিং” কর্মশালা অনুষ্ঠিত হয়। শাহজাদপুর পৌর মেয়র মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাবেক শিল্প উপমন্ত্রী ও জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর মোঃ আজাদ রহমান। এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তাক আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম আহমেদ, শাহজাদপুর থানার ওসি মোঃ হাসান শামীম ইকবাল, পৌর আওয়ামী লীগের সভাপতি ভিপি আব্দুর রহিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু প্রমুখ।
পূর্বধলায় কৃতী শিক্ষার্থী ও উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ ২০১৪ সালে এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করে নেত্রকোনা জেলায় শীর্ষে অবস্থানরত পূর্বধলা উপজেলা সদরের ঐতিহ্যবাহী পূর্বধলা জেএম পাইলট উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের বিদ্যালয়ের পক্ষ থেকে গতকাল শনিবার সকালে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লুত্ফা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধাংশু শেখর তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল বারী, পূর্বধলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শহিদুল্লাহ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চিত্রা খান প্রমুখ।
সাতক্ষীরায় ভুয়া এমবিবিএস ডাক্তারকে জরিমানা
সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরায় মীর্জা আব্দুর রহিম (৬০) নামে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি সদর উপজেলার মাধবকাটি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। গতকাল শনিবার দুপুর দু’টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ সাজা দেন। সাতক্ষীরা সদর থানার এসআই (উপ-পরিদর্শক) বিধান কুমার বিশ্বাস জানান, আব্দুর রহিম শহরের নাফ ডায়াগনস্টিক সেন্টার ও কপোতাক্ষ ক্লিনিকে দীর্ঘদিন রোগীদের চিকিত্সা সেবা দেয়ার নামে প্রতারণা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে নাফ ডায়াগনস্টিক সেন্টার থেকে রোগীদের চিকিত্সা সেবা দেয়ার সময় তাকে আটক করা হয়।
