রোনালদোহীন পর্তুগালের কষ্টের জয়

আপডেট : ০৭ জুন ২০১৪, ২২:০৮
ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের হয়ে আরো একটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারলেন না। আর তার অনুপস্থিতিতে মেক্সিকোর বিপক্ষে গত শুক্রবার প্রস্তুতি ম্যাচে ১-০ গোলের কষ্টকর জয় পেয়েছে পর্তুগাল। ইনজুরি সময়ে ব্রুনো আলভেস একমাত্র জয়সূচক গোলটি না করলে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হতো কোচ পাওলো বেনতোর শিষ্যদের। দিনের অপর প্রস্তুতি ম্যাচে জর্ডানের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে কলম্বিয়া। পর্তুগাল ও মেক্সিকোর মধ্যকার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি দারুণ জমেছিল। ৫৬ হাজারের বেশি দর্শক উপভোগ করেছেন। আক্রমণ-পাল্টা আক্রমণও ছিল দারুণ। যেমন পর্তুগাল, তেমন মেক্সিকো। ড্র’র দিকেই মোড় নিচ্ছিল ম্যাচটি। কিন্তু ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে ব্রুনো আলভেসের দারুণ হেডে একমাত্র গোলটি পায় পর্তুগাল। যদিও বিরতির পর মেক্সিকোর আধিপত্যই বেশি ছিল। পর্তুগালের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো, রাউল মেইরেলেস এবং পেপে রয়েছেন ইনজুরিতে। এজন্য মেক্সিকোর বিপক্ষে সেরা দলটি নামাতে পারেননি কোচ পাওলো বেনতো। ১৬ জুন বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জার্মানির বিপক্ষে এরা খেলতে পারবেন কি-না তা নিয়েও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। ব্রাজিলের উড়াল দেয়ার আগে মঙ্গলবার নিউ জার্সিতে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল। রোনালদো ছাড়াই পর্তুগাল ভাল করবে বলে মনে করেন দলের সাবেক স্ট্রাইকার নুনো গোমেস। গোলডটকমকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘এটা নিশ্চিত যে ক্রিশ্চিয়ানোর উপস্থিতিতে আমাদের শক্তি আরও বাড়বে। কিন্তু তাকে ছাড়াও পর্তুগাল ভাল একটি দল। কেননা আমাদের দলে ন্যানিসহ আরও বেশ ক’জন স্ট্রাইকার রয়েছে। জোয়াও মটিনহোর মতো খেলোয়াড়ও রয়েছে আমাদের দলে। তারা ভাল খেলতে পারলে বিশ্বকাপেও এগিয়ে যাবে পর্তুগাল।’ বুয়েন্স আয়ার্সে দিনের অপর প্রস্তুতি ম্যাচে জর্ডানের বিপক্ষে সহজ জয় পেয়েছে কলম্বিয়া। তবে তিনটি গোলের দু’টি গোলই এসেছে পেনাল্টি থেকে। খেলার শেষদিকে দারুণ একটি গোল করে জয়ের পাল্লা আরও ভারী করেন ফ্রেডি গুয়েরিন। এদিন যুক্তরাষ্ট্রে রেড বুল স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে গ্রীস। বিজয়ী দলের গোল দু’টি করেছেন পেনা গিওটিস কোনে এবং কোসতাস ক্যাতসোরেনিস।