জার্মানি জিতলেও হারালো মিডফিল্ডার রিউসকে

আপডেট : ০৭ জুন ২০১৪, ২২:০৯
মিডফিল্ডার মার্কো রিউসের গোড়ালির ইনজুরি জার্মানিকে বিশ্বকাপ পূর্ব শেষ প্রস্তুতি ম্যাচে আর্মেনিয়ার বিরুদ্ধে ৬-১ গোলের জয়টি উপভোগ করতে দিল না। মেইনজে অনুষ্ঠিত খেলাটি স্মরণীয় হয়ে থাকল স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার জন্য। কেননা আর্মেনিয়ার জালের বল জড়িয়ে এই রাতে তিনি জার্মানির সর্বকালের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েন। তবে দলের জয় এবং ক্লোসার রেকর্ডকে ছাপিয়ে যায় বরুশিয়া ডর্টমুন্ডের ২৫ বছর বয়সী খেলোয়াড়টির বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার ঘটনা। রিউস প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে ইনজুরিতে পড়েন। সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষার পর তার গোড়ালির লিগামেন্টে ছিড়ে গেছে বলে জানিয়েছেন ডাক্তাররা। এই চোট কাটিয়ে ওঠতে বরুসিয়া ডর্টমুন্ডের এই ফরোয়ার্ডের ছয় থেকে সাত সপ্তাহ লেগে যেতে পারে। এর অর্থ রিউসের ব্রাজিল বিশ্বকাপ শেষ। বিশ্বকাপে অংশ নিতে গতকাল শনিবার রাতে রওয়ানা হওয়ার আগে দলের গুরুত্বপূর্ণ এ খেলোয়াড়ের ইনজুরিতে উদ্বিগ্ন কোচ জোয়াকিম লো। তিনি বলেন, ‘রিউস এবং আমাদের জন্য এটা দুঃসংবাদ। রিউসের জায়গায় রক্ষণভাগের খেলোয়াড় স্কোদরান মুস্তাফিকে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।’ এর একটি যুক্তিও দেখালেন লো, ‘আমাদের আক্রমণভাগ অনেক সমৃদ্ধ। আক্রমণভাগে লুকাস পোডোলস্কি, আন্দ্রে শারলে, ম্যারিও গোয়েটসে থমাস মুলার, মেসুত ওজিল, জুলিয়ান ড্র্যাক্সলার এবং টনি ত্রুস থাকায় আমরা অনেক বিকল্প পাবো। তাই আমরা রক্ষণভাগ নিয়ে এখন চিন্তা করতে পারি। স্কোদরান অনুশীলন ক্যাম্পে অনেক ভাল করেছে। সে ফিটও আছে। তার ওপর আস্থা রাখতে পারি আমরা।’ সব মিলিয়ে সাত গোল হলেও প্রথমার্ধে কোনো দলই সাফল্য পায়নি। লুকাস পোডোলস্কি পাস ধরে আন্দ্রে শার্লে ৫২ মিনিটে জার্মানির গোলের খাতা খোলেন। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে হেনরিক এমখিতারায়ান সমতায় ফেরান আর্মেনিয়াকে। এরপর আরও জ্বলে ওঠে জার্মানির খেলোয়াড়রা। ৭১ মিনিটে পোডোলস্কির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এর দুই মিনিট পরই আর্মেনিয়ার জালে তৃতীয় গোলটি দেন বেনেডিক হাওয়েডেস। ক্লোসা ৬৭ মিনিটে খেলতে নেমেই আর্মেনিয়ার জালে বল পাঠিয়ে জার্মান কিংবদন্তী জার্ড মুলারকে পেছনে ফেলে দেন। ৬৯টি গোল নিয়ে তিনিই এখন জার্মানির সবচেয়ে গোলের মালিক। মুলারের সামনে রয়েছে বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলের রেকর্ডের হাতছানি। এজন্য আর দু’টি গোলের দরকার তার। তাহলেই পেছনে ফেলে দিতে পারবেন ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনাল্ডোকে। আর্মেনিয়ার বিপক্ষে শেষ দশ মিনিটে চমক দেখিয়েছেন মধ্যমাঠের খেলোয়াড় ম্যারিও গোয়েটসে। খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে মাঠে নেমে সাত মিনিটের ব্যবধানে দু’টি দুর্দান্ত গোল করেন বায়ার্ন মিউনিখের এই তারকা খেলোয়াড়। ভারি করেন দলের জয়ের পাল্লা।