রক্ষণভাগ নিয়ে দুশ্চিন্তায় জাপান

আপডেট : ০৭ জুন ২০১৪, ২২:১০
এসি মিলান মিডফিল্ডার কেইসুকে হোন্ডা জানিয়েছেন বিশ্বকাপের প্রাক্কালে দলের রক্ষণভাগ নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি। গত শুক্রবার বিশ্বকাপ পূর্ব প্রস্তুতি ম্যাচে জাম্বিয়ার কাছে হারতে বসেছিল জাপান। শেষ পর্যন্ত হোন্ডার জোড়া এবং ইনজুরি সময়ে দেয়া ইয়োশিতো অকোবোর গোলে ৪-৩ ব্যবধানে জেতে এশিয়ান চ্যাম্পিয়নরা। কিন্তু রক্ষণভাগের দুর্বলতায় গোলগুলো হজম করতে হয়েছে জাপানকে। ব্রাজিল বিশ্বকাপে এশিয়ার আরেক প্রতিনিধি অস্ট্রেলিয়া এই রাতে প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে হেরেছে যায়। জাপান ফ্লোরিডার রেমন্ড জেমস স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি শুরুতেই ২-০ গোলে পিছিয়ে পড়ে। ক্যাটোনগো এবং নাথান সিনকালার গোলে এগিয়ে যায় জাম্বিয়া। বিরতিতে যাওয়ার পাঁচ মিনিট আগে হোন্ডা পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমাতে সক্ষম হন। বিরতির পর সফল হয় জাপান। ৭৩ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার কাগওয়া এবং এর দুই মিনিট পর হোন্ডা আবারো গোল করলে জয়ের দিকে এগিয়ে যায় সামুরাই ব্লুরা। কিন্তু নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে জাম্বিয়ার মুসন্দার গোলে ৩-৩ ব্যবধান গড়ে জাম্বিয়া। এমন অবস্থায় ইনজুরি সময়ের প্রথম মিনিটে বাম পায়ের দারুণ শটে জাপানকে জয় এনে দেন ফরোয়ার্ড অকোবো। হোন্ডা খেলা শেষে বলেন, ‘কোস্টারিকার ম্যাচের মতো এই ম্যাচেও আমরা প্রতিপক্ষকে প্রথমে গোল করার সুযোগ দিয়েছি। আমাদের রক্ষণভাগ এখন বড় একটি দুশ্চিন্তার বিষয়। এটা নিয়ে আমাদের আলোচনা করা দরকার। পুরো ৯০ মিনিটই আমরা জাম্বিয়াকে অনেক সুযোগ দিয়েছি। এটা আমাদের ঠিক হয়নি। পরবর্তী ম্যাচ খেলার আগে আমাদের ভুলগুলো খুঁজে বের করা দরকার।’ জাপানের এবারের বিশ্বকাপ ভরসার অনেকখানি নির্ভর করছে হোন্ডা ও কাগওয়ার উপর। বিশেষ করে যদি বিশ্বকাপের ‘সি’ গ্রুপে আইভরি কোস্ট, গ্রীস ও কলম্বিয়ার মধ্য থেকে শেষ ষোলয় যেতে হয়। হোন্ডা অবশ্য মনে করেন ফুটবলের সবচেয়ে বড় আসরটির জন্য তার যে প্রস্তুতি তিনি আশা করছেন তা ফল বয়ে আনবে। তিনি বলেন, ‘এই বিশ্বকাপে খেলার জন্য আমি অনেক কিছু করেছি। তারপরও প্রস্তুতির শেষ দিককার কাজগুলো বাকি আছে। আমাকে আমার কাজগুলোর দিকে আরো মনোযোগ দেয়ার পাশাপাশি ভাল নৈপুণ্য দেখাতে হবে। বিশ্বকাপে জাপানের প্রথম খেলা ১৪ জুন আইভরি কোস্টের বিরুদ্ধে। এদিকে সালভাদরের অ্যারেনা ফন্তে নোভা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হেরেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ‘এ’ গ্রুপের দলটির কাছে ১-০ গোলে হার মানে ‘বি’ গ্রুপের দল। খেলার ৫৮ মিনিটে ক্রোয়েশিয়ার একমাত্র জয়সূচক গোলটি করেছেন ফরোয়ার্ড নিকিকা জেলাভিচ।