আগামী অর্থবছরের বাজেটে ১০ লাখ টাকার বেশি অর্জিত মূলধনী আয়ের উপর ৩ শতাংশ ও ২০ লাখ টাকার বেশি আয়ের উপর ৫ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করায় বাজারে এর প্রভাব পড়েছে। গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৫০ পয়েন্ট। বাজেট ঘোষণার পর গতকালই প্রথম শেয়ারবাজারে লেনদেন হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের কর আরোপের কারণে বড় বিনিয়োগকারীরা নিরুত্সাহিত হয়েছেন। আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা বাজার সম্পর্কে নেতিবাচক ধারণা পেয়েছেন। ফলে সূচকে এর নেতিবাচক প্রভাব পড়েছে।
উভয় স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে বাজেটে এ ধরনের কর আরোপকে বাজারের জন্য নেতিবাচক বলে আখ্যা দিয়েছে। তবে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ মনে করছেন, পুঁজিবাজার নিয়ে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে। তাই শেষ পর্যন্ত এ কর আরোপের প্রস্তাব ফিরিয়ে নেয়া হতে পারে। এজন্য উভয় স্টক এক্সচেঞ্জ কাজ করবে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৫০ পয়েন্ট কমে ৪ হাজার ৩৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২২ পয়েন্ট কমে ১ হাজার ৬০০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪১৬ কোটি ১১ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৩ কোটি ২৭ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের।
বাংলাদেশ-চায়না-ইন্ডিয়া-মিয়ানমার মিলে চীনে প্যান এশিয়া স্টক এক্সচেঞ্জ নামে একটি আঞ্চলিক স্টক এক্সচেঞ্জ গঠন হবে। আর এ স্টক এক্সচেঞ্জ চালু ও গঠন প্রক্রিয়ার সম্মেলনে যোগ দিতে ডিএসই’র আট সদস্যের এক প্রতিনিধিদল গতকাল রবিবার ঢাকা ত্যাগ করেছেন। আগামী ৯ ও ১০ জুন আঞ্চলিক সহযোগী ফোরাম বিসিআইএম (বাংলাদেশ-চায়না-ইন্ডিয়া-মিয়ানমার) সম্মেলনে যোগ দিবেন প্রতিনিধিরা। এই সম্মেলনে প্যান এশিয়া স্টক এক্সচেঞ্জ চালু ও গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে।
