বিশ্বকাপে আমি তিন দেশের সাপোর্টার

আপডেট : ০৮ জুন ২০১৪, ২১:১১
বিশ্বকাপে আপনি কোন দলেন সমর্থক? আমি আসলে একাধিক দেশের সাপোর্টার। একসময় আর্জেন্টিনা করতাম, তারপর ব্রাজিল। তবে এখন শেষপর্যন্ত আছি জার্মানিতে। গত বিশ্বকাপে জার্মানি করেছি। ক্যামেরুন যখন নতুন বিশ্বকাপে খেলেছে তখন আমি ক্যামেরুনের সাপোর্টার ছিলাম। এইবার এখনও কোন দলের সাপোর্টার হবো তা খেলা শুরু না হওয়া পর্যন্ত ঠিক করতে পারছি না। যেই দলের খেলা ভালো লাগবে তার সমর্থন করব। এবারের বিশ্বকাপে রাত জেগে খেলা দেখার প্রস্তুতি কেমন? এখন আর আসলে সেই প্রস্তুতিটা নেই। এই সময়টায় বাবার কথা মনে পড়ে। বাবা থাকতে খুব আয়োজন করে রাত জেগে খেলা দেখতাম। বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হতো। একটা উত্সব উত্সব আমেজ ছিল। এখন শুধু আমি আর আমার ছোট ভাই। সময় পেলে প্রিয় দলের খেলা দেখতে বসে যাই দু’জনে। কিন্তু সেই উন্মাদনাটা আর কাজ করে না। প্রিয় দলের পতাকা উড়ানো বা জার্সি প্রীতি আছে কি? কোয়ার্টারে যখন থাকতাম কোলনির কয়েকটি দল থাকত। সবাই প্রতিযোগিতা করে পতাকা তৈরি করতাম। জার্সি কিনতাম। সময়গুলো এখন অতীত। এখন আর সেরকম কিছুই করা হয় না। ছেলেবেলায় ফুটবল খেলতেন কি? প্রচুর খেলেছি। আমি গোলরক্ষক ছিলাম। গোলরক্ষক হওয়ার পেছনেও কারণ আছে। একটি চোট পেয়েছিলাম। ডাক্তার বলেছিল দৌড়ের খেলা না খেলতে। কিন্তু খেলা আর ছাড়া যায় না। তাই গোলরক্ষক হয়ে গেলাম। আমরা দল বেঁধে পাড়ার ম্যাচ, ক্লাব ফুটবল সবই খেলেছি। এখনও বল দেখলে পা নিশপিশ করে মাঠে ছুটে যেতে। ফুটবল নিয়ে কোনো কাজ করেছেন কি? ২০১০-এর বিশ্বকাপে শাহিদুন নবীর একটি নাটকে অভিনয় করেছিলাম। যেটি ফুটবল নিয়ে ছিল। এবার করা হয়নি। এবার ফুটবল আর ঈদ পরপর পড়ে গিয়েছি তো। তাই সবাই ঈদ নিয়ে ব্যস্ত। বিশ্বকাপের জন্য আলাদা গল্প বা সময় বের করা মুশকিল। যার কারণে এবার বিশ্বকাপ কেন্দ্র করে তেমন কোনো কাজ দেখা যাচ্ছে না। এবারের বিশ্বকাপের থিম সং কেমন লেগেছে? এবারের থিম সং আমি এখনও শুনিনি। তবে এ যাবত্কালে গতবারের শাকিরার ‘ওয়াকা ওয়াক’ গানটি আমার সবচেয়ে ভালো লেগেছে। আমি দেখেছি পারিবারিক কোনো অনুষ্ঠান হলেও এখন ‘ওয়াকা ওয়াক’ গানটি ছেড়ে নাচে।