‘আজ নিশিতের অভিসার তোমারই পথে হে প্রিয়তম’—জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগীতের এই সুর লহরীতে গতকাল সন্ধ্যা মুখরিত হয়ে উঠে জাতীয় প্রেসক্লাব অঙ্গন। শাহীন সামাদের কণ্ঠে নজরুলসংগীতের পর একে একে সংগীত পরিবেশন করেন উস্তাদ ইয়াকুব আলী খান ও সুমন চৌধুরী এবং রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন ও অণিমা রায়। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবিতা, গান, গল্প, উপন্যাস, সাহিত্যের এদেশের মানুষের প্রেরণার উত্স। জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক ফরিদা ইয়াসমিন রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি বখতিয়ার রানা, যুগ্ম সম্পাদক কাদের গণি চৌধুরী, কোষাধ্যক্ষ বদিউল আলম, ব্যবস্থাপনা কমিটি সদস্য শামসুদ্দিন আহমেদ চারু, নূরুল হাসান খান, হাসান হাফিজ, শান্তা মারিয়া, মাঈনুল আলম। ক্লাবের প্রবীণ ও নবীন সদস্যগণ সস্ত্রীক অনুষ্ঠান উপভোগ করেন।
