অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আইনজীবী ড. কামাল হোসেন একজন ব্যর্থ লোক, তার কথার কোনো দাম নেই। সম্প্রতি প্রস্তাবিত বাজেট নিয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন অর্থমন্ত্রী সম্পর্কে কটূক্তি করলে অর্থমন্ত্রী তার জবাবে এ প্রতিক্রিয়া জানান। গতকাল রবিবার সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ড. কামাল একজন ব্যর্থ লোক। অর্থমন্ত্রী আরো বলেন, আমি গণফোরামের সাধারণ সম্পাদক ছিলাম না। তার (ড. কামাল) অনুরোধে ১৯৯৩ সালে আমি সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে গণফোরামে যোগ দেই। ১৯৯৪ সালে সেখান থেকে চলে আসি। কারণ ব্যর্থ লোকের সঙ্গে থেকে কোন কাজে সফলতা পাওয়া যায় না।
বেসিক ব্যাংকের পর্ষদ চেয়ারম্যানকে অপসারণ করা হবে কিনা—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বোর্ডের দায়িত্ব আমার কাছে থাকলেও চেয়ারম্যান নিয়োগ দেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে হতে পারে। আপাতত কিছু বলা যাচ্ছে না। এর আগে অর্থমন্ত্রী বাংলাদেশ শিপ বিল্ডার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-আমেরিকান টোব্যাকো এবং ঢাকা টোব্যাকোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
