রাজধানীর রায়েরবাজারে ছিনতাইকারীরা গুলি করে রাসেল (১৯) নামে মোবাইল রিচার্জের দোকানের এক কর্মচারীকে হত্যা করেছে। গত শনিবার রাতে ছিনতাইকারীরা তাকে গুলি করে। গতকাল রবিবার সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
সূত্র জানায়, গত শনিবার রাত ৮টার দিকে রাজধানীর হাজারীবাগ থানাধীন টালি অফিস রোডস্থ রায়েরবাজারে ছিনতাইকারীরা রাসেলকে আটক করে। তারা রাসেলের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাই করতে গেলে সে বাধা দেয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা রাসেলের পায়ে গুলি করে কয়েকটি মোবাইল ও ২১ হাজার টাকা ছিনিয়ে নেয়। নিহত রাসেলের বাবার নাম আবু সাঈদ।
এদিকে উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, গতকাল রবিবার দুপুরে উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি ভবন থেকে সজলের (২২) লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে সজল আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। পরে পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সজলের বাবার নাম মোশারফ হোসেন (মৃত) । তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানার সংসারদীঘি গ্রামে। সজল একটি ডেভলপার কোম্পানিতে চাকরি করতেন। অল্প কিছু দিন হলো সে বিয়ে করেছে।
