শুল্ক ভ্যাট প্রত্যাহারের দাবি

আপডেট : ০৮ জুন ২০১৪, ২১:৪৩
রডের প্রধান কাঁচামাল বিলেট বা ইংগট তৈরির উপাদান আমদানির ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ এআইটি প্রত্যাহার করা অন্যথায় টনপ্রতি পাঁচ হাজার টাকা শুল্ক নির্ধারণের দাবিসহ নয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশন এবং রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশন। গতকাল রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত (ডিআরইউ) যৌথ সংবাদ সম্মেলনে এসব দাবি করেন সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিল অ্যাসোসিয়েশনের মহাসচিব আবুল কাশেম মজুমদার বলেন, দেশে দুই থেকে তিনশ’ রড তৈরির মিল-কারখানা ভ্যাট বৃদ্ধি পাওয়ায় কাঁচামাল আমদানি করতে পারছে না। ফলে প্রায় ১০০ কারখানা এখন বন্ধ হয়ে গেছে। অন্যদিকে আগে যেখানে কারখানাগুলো ২০ থেকে ৪০ লাখ টন রড উত্পাদন করতো। এখন সেখানে ৭০ লাখ টন উত্পাদন হয়। তবে সব রড বিক্রির জন্য বাজার নেই। এখন যদি এ রড তৈরির কাঁচামালের ওপর আমদানি শুল্ক বাড়িয়ে দেয়া হয় তবে তা আমাদের জন্য কষ্টকর হবে। সংগঠন তিনটির অন্যান্য দাবির মধ্যে ছিল স্টিল শিল্পের কাঁচামাল ফেরাস ওয়েস্ট অ্যান্ড স্ক্র্যাপ আমদানির ক্ষেত্রে টনপ্রতি এক হাজার টাকা শুল্ক নির্ধারণ, স্থানীয় স্টিল শিল্প কারখানায় কাঁচামাল যোগানের ক্ষেত্রে চার শতাংশ উেস মূল্য সংযোজন কর থেকে এই শিল্পকে রেহাই দেয়া, স্ক্র্যাপ থেকে বিলেট এবং বিলেট থেকে রড উত্পাদনের ক্ষেত্রে প্রকারভেদে নির্ধারিত ট্যারিফ যথাক্রমে দুই হাজার এবং চার হাজার টাকা নির্ধারণ, শিল্পের কাঁচামাল এবং বিলেট আমদানির ক্ষেত্রে টনপ্রতি ৮০০ টাকা অগ্রিম আয়কর প্রত্যাহার। একই সঙ্গে দেশীয় বিলেট উত্পাদনকারী স্টিল শিল্প রক্ষার্থে বিলেট আমদানিতে সদ্যঘোষিত জাতীয় বাজেটে নির্ধারিত টনপ্রতি শুল্ক ৫ হাজার টাকার সঙ্গে আরো ৫০০ টাকা ও ১৫ শতাংশ ভ্যাট যুক্ত করা, কোয়ার্জ পাউডার, গ্রাফাইট পাউডার এবং গ্রাফাইট ইলেকট্রডের আমদানি শুল্প টনপ্রতি ৫০০ টাকা নির্ধারণ, স্টিল ও রি-রোলিং মিলের ক্ষেত্রে ন্যূনতম আয়কর শূন্য দশমিক ৫০ শতাংশ প্রত্যাহার এবং লোকাল এলসির ক্ষেত্রে ধার্যকৃত পাঁচ শতাংশ আয়কর প্রত্যাহারের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ মাসুদুল আলম মাসুদ, বাংলাদেশ স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ ফজলুর রহমান বকুল এবং বাংলাদেশ রি রোলিং মিলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন।