আরো দুই বছরের জন্য বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার হ্যাভিয়ার ম্যাশেরানো। ফলে আগামী ২০১৮ সাল পর্যন্ত কাতালানদের সাথেই থাকবেন তিনি। ক্লাব সূত্রে শনিবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ২৯ বছর বয়সী এই মিডফিল্ডারের সাথে ১০০ মিলিয়ন চুক্তির মধ্যে বেশ কয়েকটি শর্ত নতুন করে আরোপ করা হয়েছে। ২০১০ সালে লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন ম্যাশেরানো। স্প্যানিশ জায়ান্টদের হয়ে এখন পর্যন্ত ১৮৪টি ম্যাচ খেলেছেন এই আর্জেন্টাইন তারকা। জিতেছেন বেশ কয়েকটি শিরোপাও। কাতালানদের হয়ে ২০১১ সালে চ্যাম্পিয়নস লীগ, ২০১১ ও ২০১৩ সালে দুটি লা লিগা, ২০১২ সালে কিংস কাপ, ২০১১ সালে ইউরোপীয়ান সুপার কাপ, ২০১২ ও ২০১৪ সালে দুটি স্প্যানিশ সুপার কাপ এবং ২০১১ সালে বিশ্ব ক্লাব কাপ শিরোপা জেতার অভিজ্ঞতা আছে তার। বাসস।
