বোনাস বিতর্কে ক্যামেরুনের ফ্লাইট বয়কট

আপডেট : ০৮ জুন ২০১৪, ২২:০৯
বোনাস বিতর্কের সমাধান না হওয়ায় বিশ্বকাপ খেলতে ব্রাজিলগামী বিমানে উঠতে অস্বীকৃতি জানালো ক্যামেরুন ফুটবল দল। ফ্রান্সের ক্রীড়া বিষয়ক পত্রিকা ‘ল্য’কুইপ’ এ খবর দেয়। পত্রিকাটির ওয়েবসাইটে দাবি করা হয়, বিশ্বকাপের জন্য গতকাল রবিবার সকালে ক্যামেরুন দলের ব্রাজিলগামী বিমানে ওঠার কথা ছিল। বিমানটি ভাড়া করে দিয়েছিলেন সেদেশের রাষ্ট্রপতি। কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে বোনাস সম্পর্কিত বিষয়ে সুরাহা না হওয়ায় তারা বিমানে উঠার পরিবর্তে রাজধানী ইয়ান্দুতে দলের হোটেলে অবস্থান নেয়। আগামী শুক্রবার নাটালে মেক্সিকোর বিপক্ষে খেলে ক্যামেরুনের বিশ্বকাপ মিশন শুরু হওয়ার কথা। বেশ কিছু দিন যাবতই দেশটির ফুটবল ফেডারেশনের সঙ্গে বোনাস নিয়ে ক্যামেরুন ফুটবলারদের ঝামেলা চলছে এবং সমস্যার সমাধান হবে আশ্বাস দেয়ার ফলে গত ২৩ মে নির্ধারিত একটি ধর্মঘট প্রত্যাহার করে নেয় খেলোয়াড়রা। ইতোমধ্যে তারা জার্মানির সাথে প্রস্তুতি ম্যাচে ২-২ গোলে ড্র করে এবং গত শনিবার মলদোভাকে ১-০ গোলে হারায়। তারপরই বোনাস সম্পর্কিত সমস্যাটি পুনরায় দেখা দেয়। এই পরিস্থিতিতে অধিনায়ক স্যামুয়েল ইতো এবং তার বাহিনী এদিন দক্ষিণ আমেরিকাগামী বিমানে উঠতে অস্বীকার করে। জার্মান কোচ ভলকার ফিঙ্কের অধীনে থাকা ক্যামেরুন দল কখন ব্রাজিলে পৌঁছাবে তা এখন অনিশ্চিত। আর্থিক বিষয়াদি নিয়ে সমস্যা ক্যামেরুনের বিশ্বকাপ প্রস্তুতি বিঘ্নিত হবার ঘটনা এই প্রথম নয়। ১৯৯৪ ও ২০০২ সালের বিশ্বকাপেও এমন অনভিপ্রেত ঘটনা ঘটেছিল। উভয় আসরেই দলটি এরপর প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছিল।— বাসস/গার্ডিয়ান