সাইরেনের শব্দে ব্যাংক ডাকাতির চেষ্টা ব্যর্থ

আপডেট : ০৮ জুন ২০১৪, ২২:১১
ভোলায় শনিবার দিবাগত রাতে ডাকাতদের একটি দল ভোলা শহরে ব্র্যাক ব্যাংকে ডাকাতির উদ্দেশ্যে দেয়াল ভেঙে প্রবেশ করে। তারা ভল্টের দরজা আংশিক ভাঙার পর সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে ডাকাতির সরঞ্জাম ফেলে পালিয়ে যায়। গতকাল রবিবার ব্যাংকের কর্মকর্তাসহ পুলিশ সুপার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত কাজ শুরু করেন। ভোলা সদরের এএসপি রামান্দ সরকার জানান, বর্তমানে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এর সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করারও চেষ্টা চলছে। তবে ব্যাংক কর্তৃপক্ষ জানান, সিসি ক্যামেরা চেক করার পর সকল তথ্য বেরিয়ে আসবে। এদিকে গতকাল দুপুর ১টায় সিআইডির একটি বিশেষজ্ঞ দল আনুষ্ঠানিক ভাবে তদন্ত কাজ শুরু করেছে।