হবিগঞ্জের দু’টি গুরুত্বপূর্ণ সড়কের গাছে মড়ক লেগেছে। গত কয়েক মাসে এভাবে শত শত গাছ মরে গেছে। পাতা শূন্য মরা গাছগুলো যে কোন সময় রাস্তার উপর পড়ে মারাত্মক দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে প্রায় ১০ বছর পূর্বে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের পাশে কয়েক হাজার শিশুগাছ রোপণ করা হয়। গত শীত মৌসুমে পূর্ণ বয়স্ক এই গাছগুলোর পাতা ঝরে যায়। চৈত্র-বৈশাখ মাসে বৃষ্টিপাতের পরও নতুন পাতা না গজানোয় গাছগুলো মরে যাওয়ার বিষয়টি দৃষ্টিগোচর হয়। বিশেষ করে সড়কের আতুকুড়া, সুনারু, রত্না, ভাটিপাড়া নামকস্থানে শত শত মরা শিশুগাছ এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। এই সুযোগে একটি চক্র রাতের অন্ধকারে মূল্যবানগুলো কেটে নিয়ে যাচ্ছে। হবিগঞ্জ-লাখাই সড়কেও একই দৃশ্য দেখা যায়।
এই ব্যাপারে পরিবেশবিদদের ধারণা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং দূষণের কারণে এক ধরনের ছত্রাকের আক্রমণে গাছগুলো মরে গেছে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম জানান, দুটি উপজেলা সদরের সাথে জেলা সদরের যোগাযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ এ সড়কগুলোর পাশে লাগানো গাছে মড়ক লাগার বিষয়টি বন বিভাগকে অবহিত করা হয়েছে। তারা সরেজমিনে গিয়ে বিস্তারিত জেনে প্রতিবেদন দেয়ার পর মরা গাছগুলো অপসারণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
