বরিশাল বিশ্ববিদ্যালয়ে অর্ধশত শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

আপডেট : ০৮ জুন ২০১৪, ২২:২১
বরিশাল বিশ্ববিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে সহকারী রেজিস্ট্রারসহ কর্মকর্তাদের মারধরের ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে আসামি করে শনিবার রাতে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী এস্টেট অফিসার সাইফুজ্জামান বাদী হয়ে দায়েরকৃত মামলায় আসামি করা হয়েছে বিশ্ব বিদ্যালয়ের মার্কেটিং বিভাগ ৩য় বর্ষের ছাত্র আকিব জাবেদ খান, স্ট্যাডিজ বিভাগের ৩য় বর্ষের ছাত্র রেজা শরিফসহ প্রায় অর্ধশত শিক্ষার্থীকে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গত ৫ জুন অফিস কক্ষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হামলা চালিয়ে সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ, সেকশন অফিসার নুসরাত জাহান, খান সানজিয়া সুলতানা, তামান্না সারমিন এবং কম্পিউটার অপারেটর নুসরাত জাহান ও সাইফুল আলমকে মারধর করে। এদিকে মামলা দায়েরের খবর পেয়ে গতকাল রবিবার বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন করেছে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে অন্যথায় বৃহত্তর আন্দোলন-কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছে।