ঝিনাইদহে পরিবার কল্যাণ কেন্দ্রের জীর্ণদশা

আপডেট : ০৮ জুন ২০১৪, ২২:২২
ঝিনাইদহে ইউনিয়ন পর্যায়ে স্থাপিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো দীর্ঘদিন সংস্কার ও মেরামত না হওয়ায় জীর্ণদশার সৃষ্টি হয়েছে। কোন কোনটি ঝুঁকিপূর্ণ ভবনে পরিণত হয়েছে। ছাদ থেকে পলেস্তার খসে পড়ছে। জানা যায়, এ জেলায় ৬৭টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আছে। তন্মধ্যে বেশির ভাগের অবস্থাই খারাপ হয়ে পড়েছে। অনেকগুলোতে আলো পানির ব্যবস্থা নেই। বর্তমানে সরকার এ কেন্দ্রগুলোতে প্রসূতিদের নিরাপদ ডেলিভারি করানোর উদ্যোগ নিয়েছে। প্রত্যেক উপজেলায় দুটি পরিবার কল্যাণ কেন্দ্রে মা’দের ডেলিভারি করানো হচ্ছে। কিন্তু সমস্যা বিদ্যুত্ ও পানি না থাকা। কোন কোনটিতে মাসে ১০- ১১ জন করে প্রসূতির স্বাভাবিক ডেলিভারি করানো হচ্ছে বলে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা জানান। বর্তমানে মির্জাপুর, চাঁদপুর, ধলহরাচন্দ্র, দুধসর, বারোবাজার, কোলা, বলুহর, এলাঙ্গী, পদ্মকর, গান্না, বাঁশবাড়িয়া, এসবিকে ও ভায়না ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে ডেলিভারি করানো হচ্ছে। এতে গ্রামের দরিদ্ররা উপকৃত হচ্ছে।