পৃথক ঘটনায় ৯ জন নিহত

আপডেট : ০৮ জুন ২০১৪, ২২:২২
পৃথক ঘটনায় ৯জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাকের প্রতিনিধি এবং নিজস্ব সংবাদদাতারা। বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত যশোরের বেনাপোল সীমান্তে গতকাল রবিবার ভোরে বিএসএফের গুলিতে পারভেজ (২১) নামের এক বাংলাদেশী নিহত হয়েছেন। নিহত পারভেজ অগ্রভুলোট গ্রামের সুজন মাস্টারের ছেলে। ২৩ বিজিবি’র গোগা ক্যাম্পের ইনচার্জ শামসুর রহমান জানান, ভারতের ঝাউডাংগা ক্যাম্পের বিএসএফ একদল বাংলাদেশীর উপর কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই পারভেজ মারা যায়। তার দেহে ৫/৬ রাউন্ড গুলির চিহ্ন রয়েছে। এ ঘটনায় সীমান্তে টান টান উত্তেজনা বিরাজ করছে। হরিরামপুরে স্ত্রী ও মেয়েকে হত্যা করে স্বামী পলাতক মানিকগঞ্জের হরিরামপুরের বিজয়নগরে স্ত্রী ও মেয়েকে হত্যা করে উঠানের গাছে ঝুলিয়ে পালিয়েছে নেশাগ্রস্ত স্বামী। গতকাল রবিবার সকালে পুলিশ এসে নিহত জোসনা বেগম (২৮) ও মেয়ে সাদিয়া আক্তার (৭)-এর ঝুলন্ত লাশ নামিয়ে মর্গে পাঠিয়েছে। সাংসারিক অভাব-অনটনের কারণে এই ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে এলাকাবাসী। পীরগাছায় শিশুর গলাকাটা লাশ উদ্ধার রংপুরের পীরগাছার একটি পাট ক্ষেত থেকে শুভ্র (৭) নামের ১ম শ্রেণির ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কান্দি ইউনিয়নের বালার দীঘি গ্রামের স্বপন চন্দ্রের ছেলে শুভ্র (৭) গত শনিবার বিকালে খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। গতকাল রবিবার সকাল ১১ টার দিকে বাড়ির পাশের একটি পাট ক্ষেত থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। শুভ্র বালার দীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র। কুমিল্লায় অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার কুমিল্লায় গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে অজ্ঞাত যুবকের লাশ আদর্শ সদর উপজেলার হরিপুর-ঘিলাতলী এলাকার মধ্যবর্তী ডোবা থেকে উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। লাশের গলা ও দুই পায়ের রগ কাটা এবং বুকে ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশটি কমপক্ষে ১০/১২ দিন আগের বলে ধারণা করছে পুলিশ। জমি বিরোধে নওগাঁয় ৩ জন নিহত নওগাঁর বদলগাছীর মিঠাপুর ইউনিয়নের উজালপুর গ্রামে মাত্র তিন শতক জমি নিয়ে সৃষ্ট বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩ জন নিহত হয়েছেন। বদলগাছী থানার ওসি আজিজুল হক জানান, ৩ শতক জমি নিয়ে শহীদুল ইসলাম ও প্রতিবেশী হাসানের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেলে জমির ভাগ বাঁটোয়ারা নিয়ে বৈঠক চলার সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে হাসানের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালালে শহীদুল ইসলাম ও তার আত্মীয় আব্দুল ওয়াদুদ ও আমজাদ হোসেন গুরুতর আহত হন। শুক্রবার রাত ৯টার দিকে নওগাঁ হাসপাতালে চিকিত্সাধীন শহীদুল ইসলাম, শনিবার ভোরে রাজশাহী হাসপাতালে আমজাদ হোসেন, বিকাল সাড়ে ৬টার দিকে ওয়াদুদ মারা যান। এই ৩ জনের মৃত্যুর সংবাদ শনিবার সকালে এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী সকাল ১০ টার দিকে শহিদুলের প্রতিপক্ষ হাসেম, আবুল, আজিজুল ও ছাইদুলসহ ৫ জনের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। নওগাঁ ও জয়পুরহাট ফায়ার সার্ভিস ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার রাতে ২৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামি করে মামলা করেন নিহত শহিদুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাজীগঞ্জে অগ্রণী ব্যাংকের আনসার সদস্যের আত্মহত্যা হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা হাজীগঞ্জ অগ্রণী ব্যাংকের আনসার সদস্য মোঃ মনিরুল ইসলাম (২৭) গত শনিবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। মনিরুল পটুয়াখালী সদর উপজেলার কালিস্বর্ণা গ্রামের মজিবুর রহমানের ছেলে। সে ২০১৩ সালের ১ নভেম্বর থেকে ওই ব্যাংকে কর্মরত ছিলো। তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে স্বহস্তে লেখা একটি পত্র পাওয়া গেছে।