চুয়াডাঙ্গায় বিএনপি’র বিক্ষোভ মিছিল
চুয়াডাঙ্গা প্রতিনিধি \ গতকাল রবিবার চুয়াডাঙ্গা জেলা শহরের রাস্তায় জেলা বিএনপি এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান সহকারে কোর্টমোড় হয়ে শহরের প্রাণকেন্দ্র শহীদ হাসান চত্বরে পৌঁছলে পুলিশী বাধার মুখে পড়ে। এ অবস্থায় মিছিলটি থানা রোড ধরে ভিজে হাই স্কুল ও পুরাতন হাসপাতালের সম্মুখ দিয়ে পুনরায় কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। দেশব্যাপী একের পর এক খুন-গুম, বিএনপি নেতা-কর্মীদের মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা বিএনপি এই প্রতিবাদ বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করে।
নোয়াখালীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি \ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন জেলার বেসরকারি অনার্স চালুকৃত কলেজের শিক্ষকরা এমপিওভুক্তিকরণ, পদোন্নতি ও অবসর ভাতাসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল রবিবার জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে মানববন্ধন ও সমাবেশ করে। এ সময় জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ হোসেন শহীদ ছালামত উল্যাহ, সাধারণ সম্পাদক আবদুল রাজ্জাক ও শিক্ষক সাহাবুদ্দিন বক্তব্য রাখেন। পরে প্রধানমন্ত্রীর বরাবরে জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করে।
লালপুরে সাড়ে এগার শ’ বৃক্ষ নিধন
লালপুর (নাটোর) সংবাদদাতা \ গত শনিবার রাতে লালপুর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত তফিজ উদ্দিনের পুত্র সাদরুল আলম নামের এক ভূমিহীন কৃষকের লীজ নিয়ে লাগানো জমির ১শ’ ২২টি কুল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সাদরুল আলম জানান, তার গ্রামের আইয়ুব আলীর এক বিঘা জমি বছরে ৬ হাজার টাকায় লীজ নিয়ে গত বছরে ১শ’ ২৪টি বাউ ও থাই কুলের চারা লাগান। তার মধ্যে রাতের আঁধারে কে বা কারা ১শ’ ২২টি গাছই কেটে দিয়েছে।
নলছিটিতে গাঁজা বিক্রির অপরাধে ৩ যুবকের কারাদণ্ড
নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা \ নলছিটিতে গাঁজা বিক্রি ও সরবরাহের অপরাধে তিন যুবককে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নলছিটির ইউএনও আবু হাসনাত মোহাম্মদ আরেফীন গত শনিবার রাতে ওই কারাদণ্ড প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলো, রবিউল ইসলাম (২৫), মো. রুবেল হাওলাদার(২০) এবং মো.জাকারিয়া হাওলাদার(১৯)। গাঁজা বিক্রিকালে একই দিন রাত সাড়ে ৮টার দিকে পুলিশ উপজেলার তেওলা এলাকা থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করে।
জয়পুরহাটে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চেক বিতরণ
জয়পুরহাট প্রতিনিধি \ জয়পুরহাটে দরিদ্র অসহায় ও অবহেলিত নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয় “ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার পাশাপাশি সমাজের অবহেলিত, দুস্থ-অসহায় ও গরীব মানুষের জীবন-মান উন্নয়নের লক্ষ্যে এই চেক বিতরণ করা হয়। গতকাল রবিবার জয়পুরহাট উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক ওই চেক বিতরণ করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামসুল আলম দুদু। এতে বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদ।
আদিতমারীতে জেলেদের নিবন্ধন বিষয়ক সভা
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ উপজেলা মত্স্য দপ্তরের আয়োজনে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান কর্মসূচির অবহিতকরণ সভা গতকাল রবিবার উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। ইউএনও রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফিরোজ হায়দার লাভলু ও মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা বেগম সম্পা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মত্স্য কর্মকর্তা হাসমত আলী। এসময় বক্তব্য রাখেন মত্স্যজীবী হাছান আলী, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, প্রেসক্লাবের সম্পাদক সুলতান হোসেন প্রমুখ।
সিংড়ায় মাছের রেণু পোনা মজুদকরণ
সিংড়া (নাটোর) সংবাদদাতা \ নাটোরের সিংড়ায় ২০১৩-২০১৪ আর্থিক সালে রাজস্ব খাতের অর্থে বিল নার্সারী কার্যক্রমের আওতায় মাছের রেণু পোনা মজুদ করা হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টায় কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে সিংড়া পৌরসভার শোলাকুড়ি বিলে রুইজাতীয় মাছের রেণু পোনা মজুদ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মোশাররফ হোসেন, সহকারী মত্স্য কর্মকর্তা জহুরুল ইসলাম, অফিস সহকারী শ্রীকান্ত কুমার কনক, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, সাধারণ সম্পাদক এস এস রাজু আহমেদ, সদস্য সাংবাদিক রাকিবুল ইসলাম ও পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার প্রমুখ।
হোসেনপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের হোসেনপুরে কেন্দ্রীয় চলমান কর্মসূচির অংশ হিসেবে গতকাল রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের তৃতীয় শ্রেণীর কর্মচারীগণ কর্মবিরতি, বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করেন। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসের সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর শাহ্ মোঃ দিদারুল ইসলাম, সার্টিফিকেট সহকারী জসিম উদ্দিন, অফিস সহকারী মাসুদ আলম, বেগম আকলিমা আক্তার ও উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী আজিজুল ইসলাম, ফজলুর রহমান, আশরাফুল ইসলাম, মাজহারুল আলম প্রমুখ।
ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সমাবেশ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, নারীর ক্ষমতায়ন, তথ্য প্রযুক্তির ব্যবহার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে গতকাল রবিবার। উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বদরুল আলম প্রদীপের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহ্মুদ হাসান সুমন। সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হালিম, জেলা তথ্য অফিসার মো:শামছুল হক, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জয়নাল আবেদিন, বালিহাটা সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির ব্যবস্থাপক মিজানুর রহমান মনঞ্জুরুল হক মনঞ্জু প্রমুখ।
চান্দিনায় এলডিপি’তে যোগদান মামুনুর রশিদ সরকার
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগদান করেছে আ’লীগ ও বিএনপি সমর্থিত কিছুসংখ্যক নেতা-কর্মী। গতকাল রবিবার সকালে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে ওই নেতা-কর্মীরা যোগদান করেন। তারা হলেন- বিএনপি সমর্থিত কেরনখাল ইউনিয়ন বিএনপি দপ্তর সম্পাদক মোজাম্মেল, একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড প্রচার সম্পাদক মোছলেহ উদ্দিন, শাহজাহান, আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযোদ্ধা ইব্রাহীম, লিটন, মোহাম্মদ আলী, আব্দুল হক, নূরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন- গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের, পৌর এলডিপি সহ-সভাপতি উপাধ্যক্ষ মনিরুল ইসলাম ভুঁইয়া, গণতান্ত্রিক যুবদল চান্দিনা উপজেলা সভাপতি শরীফুজ্জামন, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, গণতান্ত্রিক ছাত্রদল নেতা সাজ্জাত হোসেন প্রমুখ।
জামালপুরে চালকসহ চোরাই ট্রাক আটক
প্রতিনিধি জামালপুর\ জামালপুরে চুরি করে আনা ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। জানা যায়, জামালপুর সদর উপজেলার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমগীর জানান, জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ভারুয়াখালী বাজার এলাকায় বেপরোয়াভাবে ট্রাক নং (ঢাকা মেট্রো ট-১৬-৭৮৪৩) চালিয়ে আসছিল। হঠাত্ ট্রাকটি রাস্তার পার্শ্বে খাদে পড়ে যায়। এ সময় ট্রাক চালকের গতিবিধি সন্দেহজনক লক্ষ্য করে স্থানীয় লোকজন চালককে আটক রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ চালককে আটক করে। পুলিশ জানিয়েছে ট্রাক চালক বাবু সে ঢাকার আমিন বাজার এলাকা থেকে মালিককে না জানিয়ে ট্রাকটি চুরি করার উদ্দেশ্যে নিয়ে আসে।
মোরেলগঞ্জে আ’ লীগ নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা জিউধরা ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাদশার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল রবিবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাষ্টার নজরুল ইসলাম, আফজাল হোসেন মাসুম, অমিয় কান্তি বিশ্বাস, সেলিম রেজা, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এসএম মফিজুল হক আব্বাস, যুবলীগ নেতা বাচ্চু খান, হারুন হাওলাদার, রাজ্জাক শেখ, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাসুম খান, ঘের মালিক আব্দুল হালিম শেখ প্রমুখ।
আরিফ হোসেন খান কালীগঞ্জ ইউসিসি’র চেয়ারম্যান নির্বাচিত
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসি)-এর নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আরিফ হোসেন খান রয়েল। গতকাল রবিবার উপজেলার বিআরডিবি সভাকক্ষে নির্বাচন কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১২ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে চেয়ারম্যান পদে অপর প্রার্থী না থাকায় আরিফ হোসেন খান রয়েল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া মোশারফ হোসেন সহ-সভাপতি এবং শফিউল আলম রতন, মো. ওসমান গনি, আবু আহাম্মদ মোল্লা, মমতা রানী দাস ও রোজলীন রোজারিও সদস্য পদে নির্বাচিত হয়েছেন । এ কমিটি আগামী ৩ বছর কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের পরিচালনার দায়িত্বে থাকবে।
খালিয়াজুরী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা \ গতকাল রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে খালিয়াজুরী প্রেসক্লাবের দি-বার্ষিক কার্যকরী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে ইত্তেফাক সংবাদদাতা মো. মহসিন মিয়া সভাপতি ও ভোরের কাগজ প্রতিনিধি শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাছাড়া, সাংবাদিক মো. আব্দুল মোনায়েম সহ-সভাপতি, মো. আবুল হোসেন কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক, স্বাগত সরকার শুভ প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সাংবাদিক আবুল কাসেম আবাদী, অরবিন্দু রায়, মামুন ইয়ার চৌধুরী ও মো. আনোয়ার হোসেন।
নালিতাবাড়ীতে লিংকেজ এন্ড নেটওয়ার্ক প্রোগ্রাম অনুষ্ঠিত
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা \ শেরপুরের নালিতাবাড়ীর কারিতাস বারমারী ক্লাস্টার সভাকক্ষে গতকাল রবিবার সকালে জিও,এনজিও ও সমমনা সংগঠনের প্রতিনিধিদের নিয়ে লিংকেজ এন্ড নেটওয়ার্ক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ট্রাইভাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মি. লুইস নেংমিনজা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নালিতাবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, পালপুরোহিত রেভাঃ ফাঃ মনিন্দ্র এম চিরান, ২৭ বিজিবি’র বারমারী কোম্পানী কমান্ডার শহিদুর রহমান, বাতকুচি বনবিট কর্মকর্তা আমিনুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন, সিডিও বিপুল জাম্বিল, মাঠ কর্মকর্তা সুবীর দিব্রা, শিক্ষক মনিন্দ্র চন্দ্র বর্মন, আব্দুল হামিদ, জমশেদ আলী, শ্যামল চন্দ্র হাজং, জসিস্তা রোজারিও, সুপারভাইজার রাহাত হোসেন প্রমুখ।
মৌলভীবাজারে সড়ক নিরাপত্তা বিষয়ক কুইজ
মৌলভীবাজার প্রতিনিধি \ “নিরাপদ সড়ক আমাদের অধিকার, বাস্তবায়নে চাই অঙ্গীকার”এ শ্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ক কুইজ প্রতিযোগিতা গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন খানের সভাপতিত্বে শিক্ষক অপরাজিতা রায়ের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শাহ হেলাল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আবু শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব ও সিলেট অঞ্চলের ব্র্যাক সড়ক নিরাপত্তা প্রকল্পের কর্মকর্তা জি এম সুমন। ব্র্যাক মৌলভীবাজার সদর এলাকার জামাল আহমদ, কল্যাণ ব্রত চাকলাদার ব্র্যাকের সদর কুইজ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শিক্ষক মোঃ আবু তাহের, মারুফা বেগম, মোঃ আশরাফুল আলম, কমলেস কুমার বিশ্বাস, সৈয়দ তারেকুল হামিদ।
পাথরঘাটায় গ্রুপ লিডার কর্মশালা
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা \ বরগুনার পাথরঘাটায় সুদমুক্ত ঋণদাতা বেসরকারি সংস্থা মুসলিম এইড বাংলাদেশ’র গ্রুপ লিডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মুসলিম এইড বাংলাদেশের গ্রাম সমিতির শতাধিক নারী উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা ইখতেয়ার উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর মোজাম্মেল হক পনু, রিজিওনাল ম্যানেজার আবুল হাসান ও সাংবাদিক শফিকুল ইসলাম খোকন। কর্মশালায় সভানেত্রীদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়ে ধারণা দেয়া হয়।
মুজিবনগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হলেন হেলাল
মেহেরপুর প্রতিনিধি \ বাংলাদেশ ছাত্রলীগ মুজিবনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে হেলালউদ্দিনকে দায়িত্ব দেয়া হয়েছে গতকাল রবিবার। মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসিফ ইকবাল বিদ্যুত্ বিদেশ গমন করায় তার স্থলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মুজিবনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলালউদ্দিনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রূপক ও সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন স্বাক্ষরিত পত্রে ওই তথ্য জানানো হয়েছে।
ধামরাইয়ে নাগরিক কমিটি গঠিত
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ ধামরাইয়ে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন-এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ মালেক এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, অধ্যক্ষ জসিম উদ্দিন প্রমুখ। সমাবেশে এমপি মালেক উপজেলা নাগরিক কমিটির সভাপতি হিসেবে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে ধামরাই পৌর আ’লীগের সভাপতি আলহাজ্জ্ব গোলাম কবিরের নাম ঘোষণা করেন। ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি সহসাই ঘোষণা করা হবে বলে জানালেন তিনি।
মেহেরপুর জাতীয়তাবাদী মত্স্যজীবী দলের কমিটি গঠন
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর পৌর জাতীয়তাবাদী মত্স্যজীবী দলের কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌর জাতীয়তাবাদী মত্স্যজীবী দলের কমিটির নাম ঘোষণা করেন। কমিটিতে নান্টু কুমার হালদারকে সভাপতি, শাহিন আলমকে সাধারণ সম্পাদক ও শাহিন রেজা টোকনকে সাংগঠনিক সম্পাদক করে মোট ৫১ সদস্য বিশিষ্ট পৌর জাতীয়তাবাদী মত্স্যজীবী দলের কমিটি ঘোষণা করা হয়। এর আগে নান্টু হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি নেতা হাবিব ইকবাল, আব্দুস সামাদ, স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ, জেলা যুবদলের সাবেক সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
গোবিন্দগঞ্জে ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ গাইবান্ধার গোবিন্দগঞ্জে জনসমাবেশের মাধ্যমে কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের ২০১৪-২০১৫ সালের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন-উল-হাসান এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের মাহমুদ গোলাপের সভাপতিত্বে এ বাজেট অধিবেশনে ইউপি সচিব আজমল হোসেন আনুষ্ঠানিকভাবে বাজেট পেশ করলে উপস্থিত ইউনিয়নবাসীর পক্ষে সচেতন এলাকাবাসী বাজেটের বিভিন্ন ভালো-মন্দ দিক নিয়ে খোলামেলা বক্তব্য রাখেন। এ সময় জাইকার প্রোগ্রাম অফিসার মামি ইমা ওকা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মেহেরুন নেছা, ইউনিয়ন ডেভলপমেন্ট অফিসার বাবলু মিয়া ও ইউপি সদস্যসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চাটখিলে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালী জেলার চাটখিলের ২নং রামনারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল শনিবার বিকেলে কল্যাণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ইউপি আওয়ামী লীগ সভাপতি হারুনুর রশিদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগ নেতা এইচ এম আলী তাহের ইভু, মিজানুর রহমান বাবর, ইয়াছিন করিম, আবুল কাশেম, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।
বাগেরহাট শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বাগেরহাট প্রতিনিধি \ ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে বিড়ির ওপর শুল্ক বাড়ানোর প্রতিবাদে বাগেরহাটে বিড়ি শ্রমিকরা মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে। বাগেরহাটের মোল্লাহাটের আজিক বিড়ি ফ্যাক্টরির কয়েকশ’ শ্রমিক গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে। মোল্লাহাটের আকিজ বিড়ি ফ্যাক্টরির কয়েক হাজার শ্রমিক ওই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, দীন ইসলাম, সরফরাজ আলী, মো. ইকবাল হোসেন, মো. আমীর আলী ও ইউনুচ মোল্যা।
