মোহামেডানকে হারালো শেখ রাসেল

আপডেট : ০৮ জুন ২০১৪, ২২:৩৬
শেখ রাসেল ক্রীড়া চক্র নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্বে গতকাল রবিবার অনুষ্ঠিত খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে। উভয় দল লিগের প্রথম পর্বে ১-১ গোলে ড্র করেছিল। পেশাদার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি নির্ধারিত ৯০ মিনিটের পর ইনজুরি সময়ে গড়ালে গোলটি করেন মিঠুন। এ জয়ে ১৮ খেলা শেষে ২৪ পয়েন্ট পেলো বর্তমান চ্যাম্পিয়নরা। অপরদিকে মোহামেডান সমানসংখ্যক খেলায় আগের পাওয়া ৩২ পয়েন্টেই থাকলো। মোহামেডান অবশ্য ৫৯ মিনিটে গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু তাদের বুরকিনা ফাসো ফরোয়ার্ড জোঙ্গো ওউসেনির বাঁ পায়ের শটটি লক্ষ্যভ্রষ্ট হয়। ৭৯ মিনিটে তৌহিদুল আলম সবুজ শেখ রাসেলের গোলরক্ষককে একা পেয়েও সহজ সুযোগ নষ্ট করেন। পরের মিনিটে বেবেক লাল কার্ড পেলে মোহামেডান দশজনের দলে পরিণত হয়। বিপ্লব ৮৮ মিনিটেও শেখ রাসেলকে গোল হজম করা থেকে রক্ষা করেন। এরপর ফরোয়ার্ড মিঠুন চৌধুরী বন্ধ্যাত্ব ঘোচান ইনজুরি টাইমে। মিঠুন বাঁকানো শটে মোহামেডান গোলরক্ষক মামুন খানকে পরাস্ত করেন।