শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

আপডেট : ০৯ জুন ২০১৪, ২০:৩০
আগামী অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অর্জিত মূলধনী আয়ের উপর কর আরোপে রবিবার বাজারের সূচক কমলেও গতকাল সোমবার সূচক ও লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৬৯ পয়েন্ট। একইসঙ্গে লেনদেনও বেড়েছে। বাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজেটে আরোপিত কর শেষ পর্যন্ত শিথিল হচ্ছে এ ধরনের মনোভাবের কারণে অনেকেই শেয়ার কিনেছেন। এজন্যই সূচক বেড়েছে। তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগও কিছুটা প্রভাব রেখেছে বাজারের সূচক বৃদ্ধিতে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৬৯ পয়েন্ট কমে ৪ হাজার ৪১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২৮ পয়েন্ট কমে ১ হাজার ৬২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪২০ কোটি ৫৮ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৪ কোটি ৪৬ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১১টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের। এদিকে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) আদলে ও ডিমিউচ্যুয়ালাইজেশন প্রক্রিয়ায় ক্লিয়ারিং কর্পোরেশন এ বছর প্রতিষ্ঠিত হচ্ছে না। কারণ অবকাঠামোগত ভিত্তি স্থাপন করে প্রতিষ্ঠানটি পুরোপুরি চালু করা সময়সাপেক্ষ। ক্লিয়ারিং কর্পোরেশন প্রতিষ্ঠায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গঠিত কমিটির দাখিল করা পূর্ণাঙ্গ প্রতিবেদনে এমন তথ্য দেয়া হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানা গেছে, ডিমিউচ্যুয়ালাইজেশনের আদলে ক্লিয়ারিং কর্পোরেশনের কার্যক্রম পরিচালনায় পৃথক জনবল কাঠামো থাকবে। এ প্রতিষ্ঠানে দুটি ক্যাটাগরি থাকবে। একটি হলো— ট্রেডিং মেম্বার, অপরটি ক্লিয়ারিং মেম্বার। ট্রেডিং ও ক্লিয়ারিং মেম্বাররা ব্রোকারদের সঙ্গে সম্পৃক্ত থাকবে না। এছাড়া ক্লিয়ারিং কর্পোরেশেনের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা শেয়ারহোল্ডারদের নির্দিষ্ট সীমা থাকবে। প্রসঙ্গত, ক্লিয়ারিং কর্পোরেশন পুঁজিবাজার সংশ্লিষ্ট স্বতন্ত্র একটি প্রতিষ্ঠান, যা শেয়ার বা ফিউচার বা অপসন মার্কেটের নানা সিকিউরিটিজ এবং কমোডিটি এক্সচেঞ্জের লেনদেন নিষ্পত্তিতে কাজ করবে। অর্থাত্ সিকিউরিটিজ সংক্রান্ত যে কোনো লেনদেনের ক্ষেত্রে ক্রেতাকে সংশ্লিষ্ট সিকিউরিটিজ প্রদান এবং বিক্রেতাকে তার অর্থ প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করবে। শেয়ার কেনাবেচার ক্ষেত্রে বর্তমানে এ কাজ স্টক এক্সচেঞ্জই করে থাকে।