ক্যাম্পাসেও বিশ্বকাপের হাওয়া

আপডেট : ০৯ জুন ২০১৪, ২০:৪০
ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। ক্ষণ গণনা চলছে। আর মাত্র একদিন। উঠেছে চায়ের টেবিলে ঝড়। প্রিয় দলের পক্ষে চলছে বাকযুদ্ধ। উড়ছে পতাকা। প্রতিযোগিতা এখানেও। কার চেয়ে কে বড় পতাকা তুলতে পারে। তরুণ প্রাণেও লেগেছে বিশ্বকাপের ঢেউ। আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুরোপুরিই লেগেছে এই হাওয়া। ক্যাম্পাসে এখনই বাজি ধরাধরি চলছে। অমুক দল চ্যাম্পিয়ন হবে। তমুক দল দ্বিতীয় রাউন্ডে বিদায় হবে। কিংবা লিওনেল মেসি দেখিয়ে দেবেন। নেইমার ছাপিয়ে যাবেন সবাইকে। আরো কত বাহাস। তবে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থক বেশি। এই দুই দলের পাশাপাশি জার্মানি, স্পেন, ইতালি, ফ্রান্স, ইংল্যান্ডের পতাকাও মাঝে-মধ্যে এক-দুটি চোখে পড়ছে। খোঁজ নিয়ে জানা গেছে, সকল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে উড়ছে পছন্দের দেশগুলোর নানা আকারের পতাকা, দেয়ালে দেয়ালে চলছে রঙের আঁঁকিবুঁকি। হলের ছাত্র-ছাত্রীরা সমর্থক সংগ্রহে যাচ্ছেন প্রতিটি কক্ষে। চলছে তালিকা বানানোর কাজ। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে পছন্দের দেশ নিয়ে ফ্যানপেইজ খোলার প্রতিযোগিতা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবেদিন বাকী। বিশ্বকাপ ফুটবল নিয়ে তিনি বলেন, ফুটবল উত্তেজনায় কাঁপছে পুরো ক্যাম্পাস। চায়ের আড্ডায়, ক্লাসে, হলে সর্বত্রই আলোচনার ঝড়। প্রসঙ্গ একটাই- বিশ্বকাপ ফুটবল। আমার মনে হয়, ব্রাজিল বেশি ফেভারিট। আর এবারের বিশ্বকাপে তারকা হবেন নেইমার। আশিকুর রহমান। পড়ছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিতে। ব্রাজিল সমর্থক তিনি। ফেসবুকে নিজের প্রোফাইলে দিয়েছেন নেইমারের ছবি। কাভারে ঠাঁই পেয়েছে পুরো ব্রাজিল দল। প্রিয় দলের জার্সিতে নিজের নাম লিখে শেয়ার করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাসমিয়া রহমান। অর্থনীতি বিভাগে পড়ছেন তিন। থাকেন হলে। ব্রাজিলের সমর্থক এই মেয়ে জানালেন, আমাদের দল পাঁচবার কাপ জিতেছে। এবারও নিব। আমাদের নেইমার একাই একশ’। যদি নেইমার একবার দৌড়ায় তো এগারো জন মিলেও তাকে আর ধরা যাবে না! তবে আমার মনে হয়, জার্মানির গতিময় ফুটবলে ঝলকও দেখা যেতে পারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আদনান কবির আর্জেন্টিনার সমর্থক। কথা হয় আদনানের সঙ্গে। তিনি বলেন, মেসি একাই যথেষ্ট। আর মেসি তো এবার বলেই দিয়েছে যে, সে এবার বার্সেলোনার মেসি হয়েই মাঠে নামবেন। সঙ্গে আছে হিগুয়েন। আর কী লাগে! বিশ্বকাপ তো আর্জেন্টিনা পেয়েই গেছে। এখন কেবল আনুষ্ঠানিকতা করতেই খেলতে হবে! ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তপন মাহমুদ। আর্জেন্টিনার এই সমর্থক বলেন, মেসির দল আর্জেন্টিনাই এবার শিরোপা জিতে নিবে এতে কোনো সন্দেহ নেই। কেননা মেসি মেসিই। এছাড়া এবছর কঠিন অনুশীলনের মাধ্যমে মাঠে নামছে আর্জেন্টিনা। আমি মনে করি, শিরোপা এবার আর্জেন্টিনাই জিতে নেবে! খেলার মেলা। বিশ্বের সবচেয়ে বড় আসর। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও লেগেছে বিশ্বকাপের হাওয়া। হলের ছাদে পতাকা। গায়ে প্রিয় দলের জার্সি। মুখে বন্দনা। এখন ভক্তরা আছেন অপেক্ষায়। আর উন্মাদনার পালা শেষ হবে ১৩ জুলাই। সবার একটাই প্রত্যাশা- মারাকানায় সোনায় মোড়ানো কাপ উঠুক প্রিয় দলের হাতে!