সড়ক মেরামতের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই সহস্রাধিক শিক্ষার্থী ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা নোয়াখালী পৌরসভার সোনাপুর জিরোপয়েন্ট ও বাস স্ট্যান্ড লিংকরোড সড়কে ব্যারিকেট দিয়ে অবস্থান নেয় এবং সমাবেশ করে। অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন যানবাহনের চালক, মালিক, শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীরা শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেন। এ সময় জেলার কয়েকটি অভ্যন্তরীণ রুট ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকে। এক পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম বড়ুয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সদর সার্কেল এএসপি নিষ্কৃতি চাকমা ও সুধারাম থানার ওসি মোশারফ হোসেন তরাফদার ঘটনা স্থলে যান। বিষয়টি মীমাংসার জন্য তারা শিক্ষার্থী, শিক্ষক ও যানবাহন মালিক সমিতির প্রতিনিধিদের সাথে বৈঠক করেন এবং জরুরিভিত্তিতে সড়ক সংষ্কার করে চলাচলের উপযোগী করার অশ্বাস দেয়ার পর সড়ক অবরোধ তুলে নেয়া হয়।
