দেশের বিভিন্নস্থানে পৃথক ঘটনায় ৭ জন নিহত। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের—
মহাদেবপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রী নিহত
মহাদেবপুর (নওগাঁ)\ নওগাঁর মহাদেবপুরে শয়নঘরে বজ্রপাতে স্বামী-স্ত্রী নিহত ও ৪ জন আহত হয়েছে। এ সময় তাদের সাথে থাকা একমাত্র শিশুকন্যা অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার ভোরে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের আজুল গ্রামে। আজুল গ্রামের আব্দুল মতিন (২৪), তার স্ত্রী বেনু বেগম (১৮) ও তাদের ৩ বছরের একমাত্র কন্যা মদিনা টিনশেডের বাড়িতে শুয়েছিল। ভোরে বৃষ্টির সাথে বজ্রপাত হলে আব্দুল মতিন (২৪) ও তার স্ত্রী বেনু বেগম (১৮) ঘটনাস্থলে মারা যান। তাদের সাথে থাকা শিশুকন্যা মদিনা সামান্য আহত হলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়। এ ঘটনায় আব্দুল মতিনের প্রতিবেশী তিলজান (৬০), জাহানারা (৫০) আহত হয়। অপরদিকে একই সময় বজ্রপাতে সফাপুর ইউনিয়নের তাতারপুর গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী রওশন আরা (৩২) আহত হয়েছে। আহতদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাত্ক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের জন্য ২০ হাজার করে এবং আহতদের মধ্যে একজনকে ১০ হাজার এবং ৩ জনকে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।
সুজানগরে সাপের কামড়ে দিনমজুরের মৃত্যু
সুজানগর (পাবনা) \ পাবনা সুজানগরে দুর্গাপুর গ্রামে সাপের কামড়ে আব্দুল খালেক (৩০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আজিবর রহমানের ছেলে। রবিবার রাতে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ খালেককে কামড় দেয়। গুরুতর অসুস্থ অবস্থায় পাবনা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নবীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) \ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌর এলাকার ভেলানগর গ্রামে আবদুল আলীর ৭ বছরের শিশুকন্যা ছানিয়া আক্তার গত রবিবার পানিতে ডুবে মারা গেছে। বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ে শিশুটি খেলা করছিল, হঠাত্ অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়।
গফরগাঁওয়ে বিদ্যুত্স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
গফরগাঁও (ময়মনসিংহ) \ ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এনামুল হক (৩০) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত এনামুল ছয়ানী রসুলপুর গ্রামের মন্তাজ আলীর ছেলে। একটি নির্মাণাধীন বাড়িতে কাজ করার সময় এনামুল বিদু্যত্স্পৃস্ট হয়ে মেঝেতে পড়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
সান্তাহারে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
আদমদীঘি(বগুড়া) \ বগুড়া সান্তাহার রেল স্টেশনের আদুরে রবিবার সন্ধ্যায় জিআরপি পুলিশ ৫০ বছরের এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে। এব্যাপারে জিআরপি থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। রাজশাহী-পার্বতীপুরগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন রবিবার সন্ধ্যা ৬টায় আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের আদুরে পৌঁছালে অজ্ঞাত মহিলা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
ইসলামপুরে হোটেল শ্রমিকের লাশ উদ্ধার
জামালপুর প্রতিনিধি\ জামালপুর ইসলামপুর পাথরঘাটা রেল ব্রিজের নিচ থেকে এক হোটেল শ্রমিকের লাশ উদ্ধার করেছে ইসলামপুর থানা পুলিশ। ইসলামপুর বাজারের পেরিপালের হোটেলের শ্রমিক দুই সন্তানের জনক চন্দন (২৫) রবিবার হোটেল থেকে ছুটি নিয়ে বাসায় ফিরছিল। কিন্তু রাতে সে আর বাসায় ফেরেনি। গতকাল সোমবার ভোরে পাথরঘাটা ব্রিজের নিচে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ইসলামপুর থানার পুলিশের উপস্থিতিতে জামালপুর জিআরপি থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহত চন্দন ময়মনসিংহ শহরের সেনবাড়ীর বাসিন্দা। সে দীর্ঘদিন যাবত্ ইসলামপুরে হোটেল শ্রমিকের কাজ করে আসছিল।
