সম্প্রতি শাহজাদপুরে সরকারি ব্যাংকগুলোর শাখা ব্যবস্থাপকদের বিভিন্ন মোবাইল ফোন থেকে মোটা অংকের চাঁদার দাবিতে হুমকি দেওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সর্বশেষ গত ৫ জুন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাহজাদপুর শাখার ব্যবস্থাপক শিশির কুমার রায়কে - ০১৯৫৬ ৮৯৮৫০৯ ও ০১৭৯০১২১১০৩ এই মোবাইল নম্বর থেকে মোটা অংকের চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে পরিবারের যে কোন সদস্যকে অপহরণের হুমকি দেওয়া হয়।
এদিকে জনতা ব্যাংক বাঘাবাড়ি ঘাট শাখার ব্যবস্থাপক আজাহার আলী ও অগ্রণী ব্যাংক শাহজাদপুর শাখার ব্যবস্থাপক রতন কুমার সরকার অভিযোগ করেন শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ করেও মোবাইলের বিভিন্ন নম্বর থেকে তাদের কাছে চাঁদা দাবি করে অপহরণের হুমকি দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে শাহজাদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবালের সাথে যোগাযোগ করা হলে তিনি শাহজাদপুর থানায় চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে বলেন, রেজিস্ট্রাট বিহীন মোবাইল নাম্বার থেকে কল করায় হুমকি দাতাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না । তবে তিনি এ নিয়ে চিন্তিত না হওয়ার জন্য সবাইকে পরামর্শ দেন।
